জমে উঠেছে নিউইয়র্কের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমে উঠেছে নিউইয়র্কের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। দ্বিতীয় দিন শনিবার জ্যাকসন হাটইসের পিএস ৬৯-এর মেলাস্থলে ভিড় বেড়েছে বই প্রেমীদের। আজ রোববার মেলার শেষ দিন। এখানে লেখকদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন মেলার আয়োজকেরা।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় শুরু হয় তিন দিনের আন্তর্জাতিক বাংলা উৎসব এবং বই মেলা। শনিবার ছিল মেলার দ্বিতীয় দিন। এ দিন নিউইয়র্কের আবহাওয়া ছিল চমৎকার। বিকেলে মেলা প্রাঙ্গণে লেগেছিল তার ছোঁয়া। নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছিলেন বইপ্রেমী প্রবাসীরা। সন্ধ্যা গড়াতে বইমেলায় ভিড় বাড়তে থাকে। সমানে চলে আড্ডা। ঢাকা থেকে আসা অতিথিদের সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ নেওয়া। বইয়ের স্টলের পাশাপাশি বাংলাদেশি কাপড়ের স্টলগুলোতেও ছিল ভিড়।
বইমেলায় প্রথমবারের মতো স্টল নিয়ে এসেছে ছড়াটে। ছড়াটের স্বত্বাধিকারী আবু সাঈদ রতন প্রথম আলোকে বলেন, ‘শিশু কিশোরদের জন্যই আমাদের এবারের আয়োজন। নিউইয়র্কের বিখ্যাত শিশু সাহিত্যিক ও ছড়াকারদের বই নিয়ে সাজানো হয়েছে স্টল। এখানে এসে শিশুরা তাদের পছন্দের বই কিনতে পারছে।’
প্রিতমের স্টলে থাকা নুরুন্নাহার বলেন, বিকেল থেকে কিছু বই বিক্রি হচ্ছে। লোকজন এসে ভালো লেখকের বই খুঁজছেন। মনে হচ্ছে রোববার মেলা জমবে পুরোদমে। অন্বয় প্রকাশনের স্টলে দায়িত্বে থাকা নিউইয়র্কের কমিউনিটি অ্যাকটিভিস্ট মিনহাজ আহমেদ শাম্মু বলেন, সন্ধ্যা গড়ানোর আগেই ৩০টির মতো বই বিক্রি হয়েছে। প্রবাসের মেলায় ৩০টি বই বিক্রি মানে বুঝে নিতে হবে বইপ্রেমীরা মেলায় আসছেন। ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্বত্বাধিকারী জহিরুল আবেদিন জুয়েল বলেন, বই বিক্রি বড় কথা নয়, মেলায় অংশগ্রহণ, বাংলাদেশের সঙ্গে বই প্রেমীদের সংযোগ ঘটানোই অন্যতম লক্ষ্য। সময় প্রকাশের স্টলের দায়িত্বে থাকা আবু রায়হান বলেন, মেলা আরও জমত যদি বাংলাদেশের জনপ্রিয় লেখকদের মেলায় আনা যেত। তিনি বলেন, মেলায় বিখ্যাত মানুষেরা এসেছেন। সঙ্গে জনপ্রিয় লেখকদেরও দরকার ছিল। ঘুংঘুরের সম্পাদনা পরিষদের ফকির ইলিয়াস বলেন, মেলায় লোকজন আসছেন, স্টলগুলো ঘুরে দেখছেন। বাংলা সাহিত্যের বিকাশকে উপভোগ করছেন, যা খুবই ইতিবাচক।
বিশিষ্ট ছড়াকার লুৎফুর রহমান রিটন বলেন, ‘প্রবাসে বই প্রেমীদের উচ্ছ্বাস আমাদের আন্দোলিত করে। সরব উপস্থিতিতে আমরা মুগ্ধ। লেখকেরা দেখতে চান, তাঁদের লেখার প্রতি পাঠকের কতটুকু দরদ আছে। শিশু সাহিত্যিক হুমায়ূন কবির ঢালি বলেন, বইমেলা বা বাংলা চর্চা এখন বাংলাতে সীমাবদ্ধ নেই। বইমেলা আন্তর্জাতিক মেলা হয়ে পড়েছে। নিউইয়র্কের প্রবাসী এবং বইপ্রেমীদের সরব উপস্থিতি তা জানান দেয়।
অর্থনীতিবিদ খসরুজ্জামান চৌধুরীর সহধর্মিণী তাহমিনা জামান বলেন, ‘আমি তিন বছর ধরে মেলায় যোগ দিচ্ছি। বইমেলা এখন আমার আবেগের জায়গা হয়ে গেছে। মেলায় আমার স্বামীর লেখা বই যখন পাঠকেরা হাতে নেন তখন পুলকিত হই।’ নিউইয়র্কের কবি ও ছড়াকার দর্পণ কবির বলেন, লেখক ও কবিদের প্রাণ হচ্ছে পাঠক। বইমেলায় পাঠক উপস্থিতি বাড়লে মেলা সফলতা পায়। লেখকেরা যেমন এতে করে জনপ্রিয় হয়, তেমনি তারাও লেখার প্রতি উৎসাহ পায়। রোববারের পাঠক সমাগমের অপেক্ষায় আছি।
বই কিনে বাড়ি ফেরার পথে জ্যামাইকার স্কুলছাত্র আবির মোহাইমিন বলে, ছড়ার বই কিনেছি দুটি। বাংলা ভালো পড়তে পারি। গ্রীষ্মের স্কুল ছুটিতে বইগুলো পড়ব। জ্যাকসন হাইটসের প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত জারিফা জয়নব বলেন, প্রতি বছর মেলা থেকে অন্তত দু শ ডলারের বই কিনি। ঢাকায় থাকতে যেমন একুশে বই মেলার জন্য বছরব্যাপী অপেক্ষা করতাম, নিউইয়র্কেও তাই করি। আজ এক শ ডলারের বই কিনেছি। রোববার কিনব বাকি এক শ ডলারের বই।
বই প্রেমীরা যখন মেলা প্রাঙ্গণে ভিড় করেছেন তখন অডিটোরিয়ামে চলছিল উৎসবের সাংস্কৃতিক পর্ব। যেখানে ছিল সংগীত, কবিতা আর কথা।
নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন তিনব্যাপী বাংলা উৎসব ও মেলার আয়োজনে যোগ দিয়েছেন কলকাতার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, লেখক ও প্রকাশকেরা। উৎসব চলবে স্থানীয় সময় রোববার পর্যন্ত।