জরিপে এগিয়ে হিলারি, প্রচারণায় আবহাওয়ার ছায়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। গত দুদিনের কয়েকটি জনমত জরিপ এমন তথ্যই দিয়েছে।
ট্রাম্প বা হিলারি কারও গতকাল শুক্রবার জনসমক্ষে কোনো প্রচার কর্মসূচি ছিল না। দুই প্রার্থীই দক্ষিণ-পূর্ব উপকূলে ঝড়ের মুখে থাকা সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের জন্য শুভকামনা প্রকাশ করে বিবৃতি দেন। এ দুর্যোগকে কেন্দ্র করে রাজনীতি করার অভিযোগ থেকে রেহাই পেতে উভয় পক্ষই ছিল সতর্ক।
এর আগে গত বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে ট্রাম্প ঘোষণা দেন, তিনি ক্ষমতায় গেলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আইনি নিয়ন্ত্রণের ৭০ শতাংশ পর্যন্ত বাতিল করবেন। তাঁর মতে, এগুলো ব্যবসাবাণিজ্যের জন্য প্রতিবন্ধক। তাঁর একজন সহযোগী এর আগে ১০ শতাংশ আইনকানুন বাতিলের কথা বলেছিলেন। তবে ট্রাম্প বলেন, নিরাপত্তা ও পরিবেশসংক্রান্ত কঠোর বিধিবিধান বহাল রাখবেন।
জরিপে এগিয়ে হিলারি: গতকাল প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় দেখা গেছে, দলনিরপেক্ষ ভোটারদের সমর্থন বৃদ্ধি পাওয়ায় হিলারির জনপ্রিয়তা ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্ট বেশি। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এক জরিপে হিলারি ট্রাম্পের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে ছিলেন। অন্যদিকে মিশিগানে এক জরিপে দেখা গেছে, হিলারি তিন সপ্তাহের ব্যবধানে এগিয়ে গেছেন পাক্কা ১১ পয়েন্ট।
আবহাওয়া নিয়ে রাজনীতি: খবরবিষয়ক রক্ষণশীল ওয়েবসাইট ড্রাজ রিপোর্ট লিখেছে, মার্কিন সরকার হারিকেন ম্যাথিউ নিয়ে যে সতর্কতা দিয়েছে, তা জলবায়ু পরিবর্তন বিষয়টিকে অতিরঞ্জিত করে দেখানোর একটি কৌশলমাত্র। অর্থাৎ এটি হিলারির পক্ষে যাচ্ছে। এ নিয়ে সমালোচিত হয়েছে ওই সাইটটি।
ওয়েদার চ্যানেলে হিলারি–পক্ষ নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করতে চেয়েছিল। কিন্তু প্রচণ্ড ঝড়ের মুখে ফ্লোরিডা বিপর্যস্ত থাকায় এ নিয়ে নিন্দার ঝড় ওঠে। এ কারণে ওই বিজ্ঞাপন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
হিলারির পক্ষে জুলিয়ানির মেয়ে: ট্রাম্পের উপদেষ্টা নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানির মেয়ে ক্যারোলিন জুলিয়ানি হিলারির প্রতি সমর্থন জানিয়েছেন। পলিটিকোকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ নিয়ে কথা বলেন। অতীতেও ক্যারোলিন বাবার বিপক্ষ শিবিরের পক্ষে কথা বলেছে।