
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্য গভীরভাবে ‘লাল’, অর্থাৎ এই রাজ্যের অধিকাংশ ভোটারই রক্ষণশীল ও রিপাবলিকান। একটি ছাড়া রাজ্যের প্রতিটি নির্বাচিত আসন এই মুহূর্তে রিপাবলিকানদের হাতে। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যে প্রায় ৩০ পয়েন্টের ব্যবধানে জিতেছিলেন।
আজ মঙ্গলবার আলাবামার বিশেষ সিনেট নির্বাচনে এই হিসাব উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন রিপাবলিকান প্রার্থী ও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত আলাবামার প্রাক্তন প্রধান বিচারপতি রয় মোর ও উদারনৈতিক হিসেবে পরিচিত ডেমোক্রেটিক প্রার্থী ডাগ জোন্স। অধিকাংশ জনমত জরিপে রয় এগিয়ে থাকলেও তাঁদের মধ্যে ব্যবধান খুব সামান্য, ৩ থেকে ৫ শতাংশের ভেতরে।
যৌন হয়রানির অভিযোগ ওঠার পর রিপাবলিকান নেতৃত্ব মোরের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পও ইতস্তত করছিলেন। ফলে মোরের পক্ষে সমর্থন দ্রুত পিছলে পড়ে। কিন্তু গত সপ্তাহ থেকে অবস্থা বদলে গেছে। তাঁর নিজের বিরুদ্ধে ইতিপূর্বের
যৌন হয়রানির অভিযোগ ফের আলোচনায় উঠে আসবে, এই বিবেচনা থেকে ট্রাম্প দ্বিধা করছিলেন। কিন্তু ‘সিনেটের এই আসন আমাদের চাই,’ এই যুক্তিতে ট্রাম্প মোরের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানানোর পর থেকে অধিকাংশ রিপাবলিকান মোরের নৌকায় পা তুলেছেন। গত শুক্রবার আলাবামার পাশের রাজ্য ফ্লোরিডায় মোরের পক্ষে নির্বাচনী সভাও করে এসেছেন ট্রাম্প।
তারপরও ডাগ জোন্স যে এখনো এই নির্বাচনে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করে চলেছেন, সেটাই বিস্ময়ের। এর ব্যাখ্যা হিসেবে বিখ্যাত নির্বাচনী পরিসংখ্যানবিদ নেট সিলভার মনে করেন, যৌন হয়রানির অভিযোগ আলাবামার সব ভোটার চোখ বুজে হজম করতে পারেননি। ডাগ জোন্স গর্ভপাতের পক্ষে ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ চান, সে কারণে আলাবামানরা হয়তো তাঁকে ভোট দিতে গররাজি। কিন্তু ১৪-১৫ বছরের বালিকাদের যৌন হয়রানি করেছেন, এমন একজন প্রার্থীর পক্ষে ভোট দিতেও তাঁদের উৎসাহী করা কঠিন। এ অবস্থায় নির্বাচনের দিন তাঁদের অনেকেই হয়তো ভোটদানের বদলে ঘরে বসে থাকবেন, অথবা রয় মোরের বদলে অন্য কারও নাম ‘রাইন-ইন’ প্রার্থী হিসেবে লিখে দেবেন। তা ছাড়া আলাবামার নির্বাচকদের প্রায় ১৫ শতাংশ আফ্রিকান-আমেরিকান। তাঁদের ৯০ শতাংশ যদি জোন্সের পক্ষে ভোট দেন, তাঁর পক্ষে হিসাব উল্টে দেওয়া অসম্ভব হবে না। তবে তেমন সম্ভাবনা খুব উজ্জ্বল নয়, ভোটের ব্যাপারে তাঁরা বরাবরই অনুৎসাহী।
ট্রাম্পের সমর্থন সত্ত্বেও রয় মোরের ব্যাপারে রিপাবলিকান পার্টির ভেতরেই এখনো দ্বন্দ্ব শেষ হয়নি। গত রোববার এক টিভি সাক্ষাৎকারে এই রাজ্যের অপর রিপাবলিকান সিনেটর রিচার্ড শেলবি জানিয়েছেন, তিনি নিজে কখনো মোরের পক্ষে ভোট দেবেন না।