জরিমানাসহ বেকারভাতা ফেরত দিতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকার না থেকেও বেকার ভাতা গ্রহণ করেছেন অনেকে। অভিযোগ উঠেছে, প্রতারণার মাধ্যমে তারা কাজের কথা গোপন করে এই অর্থ নিয়েছেন। এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনও রয়েছেন। তাদেরকে এখন অর্থ ফেরত দিতে বলা হচ্ছে। নিউইয়র্কের লেবার ডিপার্টমেন্ট থেকে বেকার ভাতার অর্থ ফেরত চেয়ে প্রতিদিন কারও না কারও কাছে চিঠি আসছে। এতে প্রতারণার কৈফিয়ত ও জরিমানাসহ সমুদয় অর্থ ফেরত দিতে বলা হচ্ছে।

আবার কাজ হারিয়ে আবেদন করার পরও অনেকে এখনো বেকার ভাতা পাননি। মাসের পর মাস লেবার ডিপার্টমেন্টে কল ও ইমেইল করেও কোনো লাভ হচ্ছে না। ফলে অনেকে বেকার ভাতার অর্থ না পেয়ে বেশ কষ্টে জীবনযাপন করছেন।

মার্চের শুরুর দিকে করোনার মহামারিতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অফিস আদালত সবকিছুই লকডাউনের কবলে পড়ে। কেবল নিউইয়র্ক নগরেই কয়েক লাখ কর্মজীবী মানুষ চাকরি হারান। এতে করে মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যায়।

নাজুক পরিস্থিতিতে বেকার হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায় ফেডারেল সরকার।

পরিবারের বয়স্কদের দেওয়া হয় ১ হাজার ২০০ ডলার করে। ১৮ বছরের নিচে বয়সীদের দেওয়া হয় ৫০০ ডলার করে।

এরপর চালু হয় বেকার ভাতা দেওয়ার কর্মসূচি। ফেডারেল সরকার থেকে ৬০০ ডলার করে মহামারি ভাতা ও আয় অনুযায়ী আরও ১৮২ ডলার থেকে সাড়ে ৫০০ ডলার পর্যন্ত ভাতা দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, এ সময় এক শ্রেণির সুযোগ সন্ধানী মানুষ পে-রোলে কাজ করে আবার বেকার ভাতার জন্য আবেদন করেন। লেবার ডিপার্টমেন্ট তেমন একটা যাচাই–বাছাই না করে অর্থ দিয়ে দেয়। পরে কর্তৃপক্ষ তদন্ত করে জানতে পারে, ভাতা গ্রহীতাদের অনেকে বেকার ছিলেন না। এরপর তাদের সমুদয় ডলার ফেরত ও তার সঙ্গে ‍১৫ শতাংশ জরিমানা দেওয়ার নির্দেশ দিয়ে ডাকযোগে চিঠি দেওয়া হয়।

লেবার ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, লেবার ডিপার্টমেন্টের তালিকা অনুযায়ী নিউইয়র্কে প্রায় ৪৫ হাজার গ্রাহক প্রতারণার মাধ্যমে বেকার ভাতার অর্থ হাতিয়ে নিয়েছে। এসব গ্রাহকের কাছে ডলার ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জরিমানাসহ ডলার ফেরতের চিঠি পেয়ে নুরুল ইসলাম বলেন, ‘আমি একজনের ভুল পরামর্শে আবেদন করে ২০ হাজার ডলার পেয়েছি। এই ডলার খরচও করে ফেলেছি। এখন আমি কীভাবে ফেরত দেব, বুঝতে পারছি না।’

লেবার ডিপার্টমেন্ট থেকে চিঠি পেয়েছেন আলী আহমেদ। তিনি বলেন, ‘আমি দেশে ছিলাম। দেশ থেকে বেকার ভাতার আবেদন করেছি। আমার অ্যাকাউন্টে ভাতার ডলারও জমা হয়েছে। এখন আমার কাছে ডলার ফেরত দেওয়ার জন্য চিঠি এসেছে। আমি জরিমানাসহ ডলার জমা দিয়ে কোনো রকমে পার পেয়েছি।’

বেকার ভাতার ডলার পেয়েছিলেন মোসলেহ উদ্দিন নামে আরেক বাংলাদেশি মার্কিন। তিনি বলেন, ‘আমি একজন ক্যাবচালক। সেলফ এমপ্লয়ি। আমি ৫০৪ ডলারের বেশি আয় করেছি সপ্তাহে। করোনার আগে আমি সপ্তাহে আয় করতাম এর দ্বিগুন। কাজ করতে গিয়ে আমার খরচও হয়েছে অনেক ডলার। এগুলো বাদ দিয়ে ৫০৪ ডলারের নিচে থাকে আমার আয়। এজন্য আমি বেকার ভাতার আবেদন করি। কিন্তু আমিও চিঠি পেয়েছি। একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে সহায়তা চাইলে তিনি বিনিময়ে ৫০০ ডলার দাবি করেন। কী করব বুঝতে পারছি না।’

এদিকে বেকার ভাতা পাননি কয়েক হাজার চাকরিহারা মানুষ। অর্থের অভাবে তারা এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। অনেকেই রাজ্যে ছেড়ে কম দামের বাসায় উঠেছেন।

এমনই একজন ইকবাল হায়দার। তিনি বলেন, ‘আমি সেলফ এমপ্লয়ি। আমার করোনা হয়েছিল। তাই কাজ করতে পারিনি। লেবার ডিপার্টমেন্টে কল করলেও তার ধরে না।’

আলী আহসান বলেন, ‘ডানকিনে কাজ করতাম, করোনায় চাকরি হারিয়েছি। আমি প্রত্যেক মাসে ভাতা পাওয়ার জন্য ইমেইল করি। তারা বলেছে, আমার কেস নিয়ে তাদের লোক কাজ করছে, তোমাকে শিগগিরই এ বিষয়ে জানানো হবে। মাসের পর মাস অপেক্ষা করেও ভাতা পাচ্ছেন না।’

লেবার ডিপার্টমেন্টের চিঠির বিষয়ে এনরোল এজেন্ট ও কর্ণফুলী ট্যাক্সের সিইও মোহাম্মেদ হাসেম বলেন, জরিমানাসহ চিঠি পেলে অবশ্যই এই চিঠির উত্তর দিতে হবে। অন্যথায় বিপদ আরও বেশি হবে। তবে প্রতারণা না করলে ঘাবড়ানোর কোনো কারণ নেই বলে তিনি জানান।

আর যারা চাকরি হারানোর পরও বেকার ভাতা পাননি, তারা অবশ্যই প্রতি সপ্তাহে ভাতা পাওয়ার জন্য লেবার ডিপার্টমেন্টে ফাইল করতে হবে। যেকোনো দিন ব্যাংকের অ্যাকাউন্টে ভাতা জমা হতে পারে বলে তিনি জানান।