যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার ঘটনায় নতুন করে সংঘাত ঠেকাতে গত সোমবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চলতি মাসের মাঝামাঝি আদালতের গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত ঘোষণা করার কথা ছিল। তবে সুনির্দিষ্ট দিন-তারিখ জানানো হয়নি। জরুরি অবস্থা জারির অংশ হিসেবে ন্যাশনাল গার্ড বাহিনী মোতায়েন করার অনুমোদন দিয়েছেন অঙ্গরাজ্যের গভর্নর জে নিক্সন। গত ৯ আগস্ট মিজৌরির কৃষ্ণাঙ্গ অধ্যুষিত শহরতলি ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশ ড্যারেন উইলসনের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন (১৮) নিহত হন। এটি বর্ণবাদী হত্যা—এই অভিযোগ করে পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাতে দেশের অন্যান্য স্থান থেকেও অনেকে যোগ দেন। একপর্যায়ে প্রতিবাদ সহিংস হয়ে ওঠে। গত দুই দিন ধরে ফার্গুসন শহরে আবার শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। তবে জুরির সিদ্ধান্ত শোনার পর তা সহিংস হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি