জরুরি অবস্থা জারির পরও ফার্গুসন অশান্ত
বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন উপশহর এবং এর আশপাশের এলাকায় গত সোমবার জরুরি অবস্থা জারি করা হয়। তা সত্ত্বেও সোমবার রাতভর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হওয়ার বর্ষপূতি উপলক্ষে আগের দিন রোববারও সেখানে সহিংসতা হয়। খবর এএফপি ও বিবিসির।
ফার্গুসনে রোববার রাতের বিক্ষোভে গুলির জেরে সোমবার নতুন করে সংঘর্ষ শুরু হয়। মাইকেল ব্রাউন নিহত হওয়ার বর্ষপূতি উপলক্ষে রোববার দিনের বেলা সেখানে শান্তিপূর্ণ সমাবেশ করা হয়। কিন্তু রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়। এর প্রতিবাদে সোমবার আবারও নতুন করে বিক্ষোভ শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে ওই দিন জরুরি অবস্থা ঘোষণা করা হয়। রাতে জরুরি অবস্থার মধ্যেই শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে পুলিশি নির্যাতনবিরোধী স্লোগান দেয়। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে বোতল ও ইট-পাথর ছুড়ে মারে। পুলিশ মরিচের গুঁড়া ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বেশ কয়েকজনকে আটকও করে। কিন্তু বিক্ষোভকারীরা আবার জড়ো হয়ে স্লোগান দেয়।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত ফার্গুসনের রাস্তায় অন্তত ১০০ বিক্ষোভকারী অবস্থান করছিল। তাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মিজৌরির গভর্নর জে নিক্সন।
সেন্ট লুইস কাউন্টি পুলিশ বলেছে, বিক্ষোভকারীদের বাক্স্বাধীনতার প্রতি সম্মান দেখাচ্ছিল পুলিশ। কিন্তু তাদের দিকে বৃষ্টির মতো পাথর ও বোতল ছোড়া হয়। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এদিকে রোববার রাতে গুলিতে আহত কৃষ্ণাঙ্গ তরুণ টাইরন হ্যারিসের (১৮) বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
এদিকে গতকাল ভোরের দিকে চারজন বেসামরিক লোক ফার্গুসনের রাস্তায় সামরিক কায়দার রাইফেলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে টহল দেয়। ওই সশস্ত্র ব্যক্তিরা দাবি করে, তারা একটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার জন্যই সেখানে অবস্থান করছে। তবে পুলিশ ও সাধারণ বিক্ষোভকারী উভয়পক্ষই এর সমালাচনা করে। অস্ত্রধারীদের চারজনই শ্বেতাঙ্গ ছিল বলে মূলত কৃষ্ণাঙ্গ অধ্যুষিত জনপদটিতে তাদের উপস্থিতি সহজেই নজর কাড়ে। ওই ব্যক্তিরা ‘ওথ কীপার্স’ নামে একটি সংগঠনের সদস্য হিসেবে নিজেদের পরিচয় দেয়। এ সংগঠনটি বর্তমান ও সাবেক সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে গঠিত। সংগঠনটির ভাষ্য, দেশের সংবিধান রক্ষা করাই তাদের লক্ষ্য।
স্থানীয় কালো মানুষদের প্রতি ফার্গুসনের শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ পুলিশ বাহিনী বর্ণবাদী আচরণ করে বলে দীর্ঘদিনের অভিযোগ।