জরুরি চিঠি বিলিতে ডাক বিভাগের অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিঠিপত্র চালাচালি সম্প্রতি কমে আসলেও খোদ নিউইয়র্কে ইদানীং চিঠিপত্র বিলিতে অনিয়ম ঘটছে। অনেকের জরুরি চিঠিপত্র গায়েব হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পোস্টাল অধিদপ্তর প্রতি বছরই লোক নিয়োগ দিচ্ছে। চিঠিপত্র বিলিতে প্রথম শর্ত হচ্ছে, দ্রুত প্রাপকের ঠিকানায় চিঠি পৌঁছে দেওয়া। দ্রুত চিঠি বিতরণের জন্য নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণও দেওয়া হয়। মার্কিন পোস্টাল অধিদপ্তরের রয়েছে চিঠি বিতরণের ভিন্ন ভিন্ন ব্যবস্থা। জরুরি চিঠিপত্র বিলিতে রয়েছে আলাদা বিভাগ। গাড়ি দিয়ে ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। জরুরি চিঠির জন্য আলাদা মাশুলও দিতে হয়।
আমেরিকার লোকজন পোস্টাল ডিপার্টমেন্টের ওপর শতভাগ আস্থা রাখেন এখনো। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, অনেকের জরুরি চিঠি গায়েব হয়ে যাচ্ছে। এমনকি রেজিস্ট্রার চিঠিও ভুল ঠিকানার মেইলবক্সে ফেলে যাচ্ছেন পোস্টাল কর্মচারীরা। দরজায় নক না করেই নোটিশ রেখে যাচ্ছেন মেইলবক্সে।
যেসব চিঠি ভুল ঠিকানায় বিতরণ করা হচ্ছে, সেগুলোর মধ্যে অনেকের ক্রেডিট কার্ড কিংবা ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে জরুরি চিঠিও থাকে। নতুন কর্মচারীরা পোস্টাল বিভাগের চিঠিপত্র বিলি করছেন। তাঁরা মনোযোগ সহকারে বিতরণ করছেন না বলেই বর্তমানে নিউইয়র্কে চিঠিপত্র প্রাপ্তিতে সমস্যা হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
গত সপ্তাহে পর পর দুটি জরুরি চিঠি ১৪৪-১৪-১০৭ অ্যাভিনিউর মেইল বক্সে পাওয়া যায়। চিঠিগুলো বিতরণের ঠিকানা ছিল ১৪৪-১৪-১০৬। এমনি প্রায়ই ভুল ঠিকানার চিঠি পাওয়া যায় মেইলবক্সে। বর্ণিত চিঠিগুলোর মধ্যে একটি চিঠি অত্যন্ত জরুরি ছিল। ইমিগ্রেশন ভিসা সেন্টার থেকে মোহাম্মদ নুর আলম নামের চিঠিটি রেজিস্ট্রার করা। একই ঠিকানার ইফতেখার আলম নামে আরও একটি জরুরি চিঠি পাওয়া যায়।
প্রথম আলো উত্তর আমেরিকার এ প্রতিবেদক চিঠিগুলো জরুরি দেখে নিজেই প্রাপকের কাছে পৌঁছে দেন। নুর আলম প্রথম আলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তিনি অধীর অপেক্ষায় ছিলেন এমন জরুরি চিঠির।
আলাপকালে বদরুল আলম নামের একজন বলেন, তাঁর ক্রেডিট কার্ড ভুল ঠিকানায় ডেলিভারি হয়েছিল। কেউ একজন অনলাইনে তিন হাজার ডলারের শপিং করার পর তিনি বিল পেয়ে তা জানতে পারেন। ক্রেডিট কার্ড কোম্পানিকে কল করে ভুয়া বিল বলে আপত্তি জানালে, ক্রেডিট কার্ড কোম্পানি বিলটি অবশ্য মওকুফ করে দেয়। এমনি করে চিঠিপত্র ডেলিভারি অনিয়মের কারণে অনেককেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
জরুরি চিঠি আসার অপেক্ষায় যদি কেই থাকেন, তবে এ ক্ষেত্রে ফোনের মাধ্যমে যোগাযোগ করা শ্রেয়।