
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এবং তাঁর অধীনস্থ কৃষ্ণাঙ্গ দাসদের কাহিনিনির্ভর একটি বই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। শিশুদের জন্য রচিত ছবিপ্রধান বইটিতে দাসদের জীবন-বাস্তবতার বিপরীত চিত্র রয়েছে, এমন সমালোচনা ওঠায় এটি প্রত্যাহার করে নিয়েছে প্রকাশনা সংস্থা স্কলাস্টিকা। খবর বিবিসির।
আ বার্থ ডে কেক ফর জর্জ ওয়াশিংটন নামের বইটিতে জর্জ ওয়াশিংটনের দাস পাচক হারকিউলিস ও তাঁর মেয়ে ডালিয়ার কাহিনি তুলে ধরা হয়েছে। বইয়ের একটি ছবিতে দেখা যায়, মেয়ে ডালিয়াকে সঙ্গে নিয়ে কেক বানাচ্ছেন হারকিউলিস। দুজনের মুখেই হাসি। আর ছবির নিচে দেওয়া বর্ণনায়ও তাঁদের সুখী জীবন তুলে ধরা হয়েছে।
সমালোচকেরা বলছেন, এই বইয়ে দাসদের জীবন যেভাবে চিত্রায়িত করা হয়েছে, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমাজনে বইটি তুলে দেওয়ার পর বেশির ভাগ পাঠকই নেতিবাচক মন্তব্য করেছেন। তাঁদের মতে, বইটির বার্তা ‘ন্যক্কারজনকভাবে বেঠিক’। একজন লিখেছেন, তাঁর ভাষায়, ‘দাসদের সুখী ও আনন্দিত হিসেবে চিত্রায়িত করা হয়েছে, এমন একটি কাহিনি পড়ে মানুষ উদ্বেলিত হচ্ছে—আমি তা বিশ্বাসই করতে পারি না।’
প্রকাশনা প্রতিষ্ঠান স্কলাস্টিকা কাহিনিটির বর্ণনায় লিখেছে, ‘প্রেসিডেন্টের জন্মদিন নিয়ে সবাই আনন্দে! বিশেষ করে জর্জ ওয়াশিংটনের দাসেরা, যাঁরা রান্নাঘরের চারপাশে হইহুল্লোড় করে বেড়াচ্ছেন। তাঁরা এবার এযাবৎকালের সবচেয়ে সেরা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন।...প্রেসিডেন্টের জন্য কেক বানিয়ে দাস হারকিউলিস খুবই গর্বিত।’
যুক্তরাষ্ট্রে আফ্রিকা থেকে ধরে আনা দাসদের প্রকৃত অবস্থা আসলে কেমন ছিল, তা অবশ্য কাহিনির নিচে থাকা পাদটীকায় উল্লেখ করেন এর লেখকেরা। কিন্তু মূল বর্ণনায় তা না রাখার কারণেই সমালোচনা হচ্ছে। বিষয়টি স্বীকারও করেছে প্রকাশনা প্রতিষ্ঠান স্কলাস্টিকা। বইটি প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে তারা যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, দাসপ্রথার নেতিবাচক দিকগুলো আরও বেশি তুলে ধরা উচিত ছিল।