জর্জ ফ্লয়েডের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জ ফ্লয়েড নামের অতি সাধারণ এক কৃষ্ণাঙ্গ অতি সহজে জানিয়ে গেলেন যে, আমেরিকান সমাজ এখনো সেই আগের অবস্থায়ই রয়ে গেছে। আজ থেকে শত বছর আগে আমেরিকায় ছোটখাটো অজুহাতে জাতিগত নিধন ছিল একেবারে সাধারণ বিষয়। এসব নিধনকর্মকে জেনোসাইড থেকে আলাদা করতে ‘লিঞ্চিং’’শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু শব্দটি এ দুইয়ের উদ্দেশ্যে কোনো ব্যবধান গড়ে দিতে পারে না। জাতিগত নিধন সব অর্থেই জাতিগত নিধন থেকে যায়।
ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যায় থেকে শেষ পর্যন্ত পুরো আমেরিকায় জাতিগত নিধন ছিল একেবারে নৈমিত্তিক ব্যাপার। কখনো ক্যাথলিক গোষ্ঠী, কখনো শ্বেতাঙ্গ এমন নানা কল্পিত আভিজাত্যের বশবর্তী হয়ে এই নিধন চালানো হয়েছে। ক্যালিফোর্নিয়া ইন্ডিয়ান কিলিং এই নিধনযজ্ঞে এক ভয়াবহ উদাহরণ। ১৮৪৬ থেকে ১৮৭৩ সাল পর্যন্ত সময়ে স্থানীয় ইন্ডিয়ান জনগোষ্ঠীর প্রায় সবাইকে হত্যা করা হয়েছিল, যার জন্য গত বছরের এই সময়ে অঙ্গরাজ্যটির বর্তমান গভর্নর গেভিন নিউসন ক্ষমা চেয়েছেন। বোধোদয়ের জন্য কী লম্বা সময় লাগল! আর এই ফুরসতে একটি জাতিগোষ্ঠীই বিলীন হয়ে গেল।
জর্জ ফ্লয়েড আমেরিকার ওপরের চাকচিক্যের তলার এই কুৎসিত ক্ষতটি আবারও প্রকাশ্যে নিয়ে এসেছেন। পুলিশ কর্মকর্তা চোভিনের হাঁটুর নিচে যখন তিনি, ‘আই কান্ট ব্রিদ’ বলে অনুনয় করছিলেন, তখন আদতে গোটা আমেরিকা, মানবিক আমেরিকা, সব জাতি-বর্ণ ও ধর্মের লোকেদের আমেরিকা কাতরাচ্ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় তো এই মানবিক বোধের স্থান নেই। তাই জর্জ ফ্লয়েডকে মরে যেতে হয়।
জর্জ ফ্লয়েডের মৃত্যু পুরো আমেরিকাকে নাড়িয়ে দিয়ে গেছে। এই সময়ে এই অতি-আধুনিক যুগে বর্ণবাদের শিকার হয়ে একজন কৃষ্ণাঙ্গকে যখন প্রকাশ্য রাস্তায় পুলিশের নির্যাতনের শিকার হয়ে চলে যেতে হয়, তখন ট্রাম্পের দেশে বাস করা মানুষেরা আর মানুষ হয়ে না উঠে পারে না। তারা পথে নেমে এসেছে। হ্যাঁ, এই পথে নেমে এসে করা বিক্ষোভ কোনো কোনো অঙ্গরাজ্যে লুট ও রাহাজানির পর্যায়ে গেছে। কিন্তু তার পেছনে তো রয়েছে দীর্ঘ করোনাকালীন বেকারত্ব এমনকি রয়েছে গুপ্ত সরকারি বাহিনী ও রিপাবলিকান সমর্থক ক্লু ক্লাক্স ক্লানের ভূমিকাও। দ্বিতীয় বিষয়ে সুস্পষ্ট কিছু অভিযোগ এরই মধ্যে উঠেছে। এই অভিযোগটি আরও জোরালো হয়, যখন ট্রাম্প নিজে এই বিক্ষোভকে গুরুত্ব দেওয়ার বদলে, তাকে বলপ্রয়োগে দমনের নীতি গ্রহণের পরামর্শ দেন। টেক্সাসের হিউস্টন শহরের পুলিশ প্রধান যথার্থই বলেছেন, এই সময়টা ভালোবাসার কথা বলবার। এই সময়টা বিক্ষোভ বাড়িয়ে দেওয়ার মতো দায়িত্বজ্ঞানহীন কথা বলবার নয়। তিনি স্বয়ং প্রেসিডেন্টকে চুপ থেকে সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এই এই আহ্বান জানিয়েছেন আমেরিকার সব শহর ও অঙ্গরাজ্যের পুলিশ প্রধানদের পক্ষ হয়ে।
বর্তমান আমেরিকা নিঃসন্দেহে অনেক গুরুতর সময় পার করছে। বিশেষত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে বর্ণবাদী নানা মন্তব্যের মাধ্যমে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের উসকে দিয়েছেন। ২০১৭ সালে ক্ষমতায় বসার মাত্র কিছুদিনের মধ্যে শার্লোৎসভিলে যে বর্ণবাদী আস্ফালন শোনা গিয়েছিল, তাতে ঘি ঢেলেছিলেন তিনি। ক্ষমতায় বসার আগে থেকেই তাঁর বিভিন্ন মন্তব্য বরাবরই নয়া-নাৎসিবাদকে উসকে দিয়েছে। আর এরই ফল হচ্ছে আজকের জর্জ ফ্লয়েডের মৃত্যু। এই মৃত্যু আমেরিকানদের আত্মপরিচয়ের দিকে ফিরে তাকাতে বলছে। এই মৃত্যু বলছে, যে জাতিঘৃণার ইতিহাস পেরিয়ে আমেরিকা আজকের অবস্থানে এসেছে, সেই জাতিঘৃণাকে ফিরিয়ে আনা তার নিজের কবর খোঁড়ার শামিল হবে। তাই এই নয়া-বর্ণবাদ, নয়া নাৎসিবাদকে যেকোনো মূল্যে রুখে দিতেই হবে। আর তা করতে হবে সাধারণ জনতাকে। এ ক্ষেত্রে অতি অবশ্যই সুযোগ-সন্ধানী ও লুটেরাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।