জর্জ ফ্লয়েড হত্যার কারণ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের ডা. অ্যালেসিয়া এম উইলসন ও নিউইয়র্ক নগরের সাবেক মেডিকেল পরীক্ষক ডা. মাইকেল বডেন। মৃত্যুর কারণ নির্ধারণে সহায়তার জন্য ফ্লয়েডের পরিবার থেকে ব্যক্তিগতভাবে নিয়োগ করা হয় তাঁদের। ব্যক্তিগত এই ময়নাতদন্তে দেখা গেছে, কেবল মিনিয়াপোলিসের একজন পুলিশ অফিসারের জর্জ ফ্লয়েডের ঘাঁড়ে হাঁটু গেড়ে থাকার কারণে তাঁর মৃত্যু হয়নি। অন্য অফিসাররা তাকে নিচে চেপে ধরে রাখতে সহায়তা করেছিল এবং সেটাও তার মৃত্যুর একটা কারণ।
ফ্লয়েডের পারিবারিক আইনজীবী অ্যানটোনিও রোমানোচি বলেন, ‘জর্জের ঘাড়ে হাঁটু চেপে রাখা কেবল তার মৃত্যুর কারণ ছিল না, তার পিঠে থাকা অন্য দুই পুলিশ কর্মকর্তার ওজনও এর কারণ ছিল। তারা কেবল তার মস্তিষ্কে রক্ত প্রবাহকেই আটকাচ্ছিলেন না, বরং তার ফুসফুসে বায়ু প্রবাহকেও রোধ করেছিল।’
ফ্লয়েডের পরিবারের প্রধান আইনজীবী বেনজামিন ক্র্যাম্প বলেছেন, জরুরি মেডিকেল রেকর্ডে দেখা গেছে যে ফ্লয়েড ঘটনাস্থলে মারা গিয়েছিলেন। ক্র্যাম্প বলেন, তাঁর পিঠে হাঁটু দিয়ে চেপে রাখায় তার ফুসফুস সংকুচিত হয়েছিল এবং বাতাস বাইরে যেতে আসতে বাধাগ্রস্ত হয়েছিল।
তবে, হেনেপিন কাউন্টি মেডিকেল পরীক্ষকের সিদ্ধান্তের বিষয়ে প্রসিকিউটররা যা বলেছিলেন, তার থেকে ব্যক্তিগত পরীক্ষকদের ফলাফলের মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। এই মামলায় দায়ের করা ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, কাউন্টি ময়নাতদন্তে এমন কোনো শারীরিক লক্ষণ প্রকাশ পায়নি যা আঘাতজনিত শ্বাসকষ্ট বা শ্বাসরোধের শনাক্তকরণের জন্য সহায়তা করে।
এ বিষয়ে প্রসিকিউটররা ফৌজদারি অভিযোগে বলেন, করোনারি আর্টারি ডিজিজ এবং হাইপারটেনসিভ হার্ট ডিজিজসহ ফ্লয়েডের মৃত্যুর সঙ্গে আরও অন্যান্য কারণ জড়িত ছিল। শুধু পুলিশের আঘাতের কারণে নয়, বরং তার অন্তর্নিহিত স্বাস্থ্য পরিস্থিতিগুলোও সম্ভবত তার মৃত্যুর কারণ।
প্রসিকিউটরদের অভিযোগের বিরোধিতা করে ডা. বাডেন বলেন, ‘ময়নাতদন্তে দেখা গেছে, ফ্লয়েডের কোনো ধরনের অন্তর্নিহিত শারীরিক সমস্যা ছিল না, যা তার মৃত্যুর কারণ হতে পারে। এটি ড. উইলসন ও আমার পরিবার দ্বারা সরবরাহ করা তথ্যের দ্বারা নিশ্চিত করা হয়েছে।’
জর্জ ফ্লয়েড হত্যার অভিযোগে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে মিনেসোটার সবচেয়ে সুরক্ষিত কারাগারে স্থানান্তর করা হয়েছে।
ফ্লয়েড হত্যার প্রতিবাদে বর্ণবাদবিরোধীদের প্রতিবাদ, সহিংসতা ছড়িয়ে পড়েছে আমেরিকাজুড়ে। পরিস্থিতি সামাল দিতে এ পর্যন্ত নিউইয়র্ক সিটিসহ আমেরিকার ৪০টি নগরে কারফিউ জারি করা হয়েছে।