জর্জ ফ্লয়েডের মৃত্যুতে আটলান্টিক সিটিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে আটলান্টিক সিটিতে।
জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে আটলান্টিক সিটিতে।

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিতে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যুতে আমেরিকাজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ধারাবাহিকতায় নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতেও প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ মে দুপুরে আটলান্টিক সিটির ২৭১৫, আটলান্টিক অ্যাভিনিউতে পাবলিক সেফটি ভবনের সামনে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল পুলিশি বর্বরতার বিরুদ্ধে নানা স্লোগান, আর হাতে ছিল প্রতিবাদী সব পোস্টার-ব্যানার-ফেস্টুন। কৃষ্ণাঙ্গদের পাশাপাশি অনেক শ্বেতাঙ্গ, স্প্যানিশ ও এশিয়ান কমিউনিটির লোকজন এই বিক্ষোভ সমাবেশে শামিল হন।
প্রতিবাদ সমাবেশে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, কাউন্সিল অ্যাট লার্জ এম ও ডেলগাডো, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। সমাবেশ শেষে একটি মিছিল আটলান্টিক সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেনেডি প্লাজায় গিয়ে শেষ হয়।
শান্তিপূর্ণ এ বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পর শহরের বিভিন্ন জায়গায় ভাঙচুর ও লুটপাট শুরু হয় এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে লিপ্ত হয়। এ অবস্থায় শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ৮ জুন পর্যন্ত শহরজুড়ে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।