জর্জিয়ায় সন্তানদের হত্যার পর মায়ের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে ইরিনের সঙ্গে মা মার্শা অ্যাডওয়ার্ডস
মেয়ে ইরিনের সঙ্গে মা মার্শা অ্যাডওয়ার্ডস

মার্শা অ্যাডওয়ার্ডস নামের এক মা নিজ হাতে তাঁর সন্তানদের গুলি করে হত্যা করেন। পরে বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন। জর্জিয়ার কোব কাউন্টিতে ২১ আগস্ট এ ঘটনা ঘটেছে।

মার্শা অ্যাডওয়ার্ডস (৫৮) তাঁর দুই সন্তান ইরিন অ্যাডওয়ার্ডস (২০) ও ক্রিস্টোফার অ্যাডওয়ার্ডসকে (২৪) হত্যার পর পুরো বিষয়টি সম্পর্কে লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমি এদের চেয়ে ভালো সন্তান আশা করিনি।’ কিন্তু এই ভালো সন্তানদের তিনি কী কারণে হত্যা করলেন, সে সম্পর্কে সেখানে তিনি কিছুই লেখেননি। তাঁর কাছ থেকে সরাসরি বিষয়টি জানারও কোনো উপায় আর নেই। কারণ, এর পরপরই তিনি আত্মহত্যা করেন।

কোব কাউন্টি পুলিশ জানিয়েছে, ২১ আগস্ট সন্ধ্যায় আটলান্টা শহরতলির ওয়েলফেয়ার এলাকার একটি বাসায় তল্লাশি চালিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ইরিন এনবিসি-৪ নিউইয়র্কের ওয়েব ডেস্কে ইন্টার্ন করেছিলেন এবং বোস্টন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। এনবিসি-৪ তাদের খবরে বলেছে, উদ্দীপনায় ভরপুর ও সাংবাদিকতার প্রতি সত্যিকারের আবেগ ও আগ্রহ ছিল ইরিনের। এনবিসি নিউইয়র্কের সবাই তাঁর এমন বিয়োগান্ত ঘটনায় গভীরভাবে দুঃখিত।

মৃত্যুর কয়েক সপ্তাহ আগে পরিবার নিয়ে ভ্রমণ করেছিলেন ইরিন। এদিকে দু সপ্তাহ আগে ইতালিতে বেড়াতে যাওয়ার আগে মা তাঁর ছেলে ক্রিস্টোফারকে নিয়ে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টসের বার্ষিক সম্মেলনে অংশ নেন। ক্রিস্টোফার আটলান্টার মেয়র কার্যালয়ের চলচ্চিত্র ও বিনোদন বিভাগে ডিজিটাল কনটেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। ঘটনার কিছুদিন আগেও তিনি দুই সন্তানের সঙ্গে তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, যেখানে তাঁদের সুখীই মনে হয়েছে।