জর্জিয়া বাংলাদেশ সমিতির বনভোজন অনুষ্ঠিত

জর্জিয়া বাংলাদেশ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই স্থানীয় গুনেইট কাউন্টির জোনস ব্রিজ স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
দুপুর ১২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এই বনভোজন। দুপুর থেকেই জর্জিয়ার বিভিন্ন এলাকা থেকে বনভোজনে অংশগ্রহণকারীরা জোনস ব্রিজ স্টেট পার্কে জড়ো হতে থাকেন। তরমুজ ও বিভিন্ন রকমের ফল দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। সঙ্গে ছিল চিকেন বারবিকিউ। এরপর শুরু হয় খেলাধুলার অনুষ্ঠান।
খেলাধুলার মধ্যে ছিল শিশু-কিশোরদের দৌড়, নারীদের বালিশ পাচার। বালিশের পরিবর্তে সে কাজটি করা হয় একটি বল দিয়ে। এ ছাড়া নারীদের চোখ বন্ধ করে হাঁড়িভাঙা খেলারও আয়োজন ছিল। খেলায় বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। খেলা শেষে মধ্যাহ্ন ভোজে খাসির মাংস, পোলাও, ডাল ও ভাত দিয়ে সবাইকে পরিবেশন করা হয়।
বনভোজনে খেলাধুলার পাশাপাশি ছিল র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী তানজিলা ইসলাম তৃষা, তাসকিনা তাজিব, আরজু, সৈকত প্রধান প্রমুখ।
র্যাফেল ড্রতে বিশেষ পুরস্কার ছিল ৫০ ইঞ্চি রঙিন টেলিভিশন। এটি স্পনসর করেন রিয়েল্টর ইনামূল হক। এ ছাড়া অ্যাকুরিয়ান মর্টগেজ এজেন্সির মাহবুবর রহমান ভূঁইয়া, বেঙ্গলি বয়েস কালচারাল স্পোর্টস অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার পক্ষ থেকে মহিন উদ্দিন দুলালসহ বিভিন্ন জন পুরস্কার সামগ্রী স্পনসর করেন।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন এ এইচ রাসেল, আরিফ আহমেদ, নজরুল ইসলাম, মোহাম্মদ রহমান রুবন, সাদমান সুমন, ইকবাল হোসেন, সৈকত প্রধান, লিওন বিশ্বাস, মোসাম্মৎ আরজু, মুসাম্মত নাহার, এ আর বাদল, রনদা প্রসাদ চৌধুরী, ইমদাদুল ইসলাম, নূর ভূঁইয়া, মারুফ ভূঁইয়া প্রমুখ।
সংগঠনের সভাপতি মোস্তফা মাহমুদ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, জর্জিয়া বাংলাদেশ সমিতি জর্জিয়াপ্রবাসী সব বাংলাদেশিদের সংগঠন। আমরা কতিপয় প্রতিনিধি শুধু এর সেবক মাত্র। সবার সহযোগিতা ও অংশগ্রহণে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।