জর্জিয়ার গুনেইট কাউন্টির সবাইকে বাড়িতে থাকার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুনেইট কাউন্টি প্রশাসনিক ভবন
গুনেইট কাউন্টি প্রশাসনিক ভবন

করোনাভাইরাস প্রতিরোধে আমেরিকায় জর্জিয়ার গুইনেট কাউন্টি সলিসিটার জেনারেল ব্রায়ান হোয়াইট কাউন্টির ১৬টি শহরসহ প্রত্যন্ত অঞ্চলের সবাইকে বাড়িতে থাকার নির্দেশ জারি করেছেন।

এই নির্দেশ আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। প্রয়োজনে সময়সূচি বর্ধিত করা হতে পারে। আইন লঙ্ঘন করলে অভিযুক্তকে ৬০ দিনের জেল অথবা এক হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, করোনাভাইরাস বিস্তারে জর্জিয়ার মধ্যে গুনেইট কাউন্টি পঞ্চম স্থানে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুনেইট কাউন্টিতে ২৫০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চারজনের।

কাউন্টি সলিসিটার ব্রায়ান হোয়াইট বলেন, ‘সবাইকে এক সঙ্গে কাজ করে এবং স্থানীয়, রাজ্য ও ফেডারেল কর্মকর্তাদের সুপারিশ অনুসরণ করে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।’

আদেশে বলা হয়েছে, বাসিন্দারা নিজের, পরিবার, অংশীদার বা পোষা প্রাণীর স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রমের জন্য বাড়ি ত্যাগ করতে পারবেন। হাঁটা চলা বা দৌড়ানোর মতো আউটডোর ক্রিয়াকলাপ সামাজিক দূরত্ব বজায় রেখে করতে পারবেন।

গুনেইট কাউন্টি ছাড়াও জর্জিয়ায় ফুলটন ও কব কাউন্টি এবং মেট্রো আটলান্টায়ও ঘরে থাকার নির্দেশ জারি করা হয়েছে। ১ এপ্রিল পর্যন্ত জর্জিয়া রাজ্যে ৪ হাজার ৬৩৮ জন আক্রান্ত এবং ১৩৯ জনের মৃতের খবর পাওয়া গেছে।