জর্জিয়ার মসজিদে ইফতার ও তারাবির আয়োজন নেই
করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে আমেরিকার জর্জিয়ার মসজিগুলোতে ইফতার ও তারাবির নামাজ অনুষ্ঠিত হচ্ছে না। পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছর মসজিদে মসজিদে ইফতার ও ইফতার–পরবর্তী নৈশভোজ এবং জামাতে তারাবির নামাজ আদায় হতো। জর্জিয়ায় মুসলিম কমিউনিটির বসবাসর শুরুর পর এই প্রথম মসজিদে ইফতার ও তারাবির নামাজ অনুষ্ঠিত হচ্ছে না।
জর্জিয়ার কেন্দ্রীয় মসজিদ আল-ফারুক মসজিদ অব আটলান্টা, আত–তাকওয়া মসজিদ, মসজিদ ওমর বিন আবদুল আজিজসহ অন্যান্য মসজিদ কমিউনিটিতে সংবাদ নিয়ে জানা গেছে, ‘সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে স্থানীয় সরকারের নির্দেশে রাজ্যে সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে জমায়েত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী আমাদের মসজিদগুলোও বন্ধ আছে। এ কারণে চলতি বছর মসজিদে ইফতার সমাবেশ ও তারাবির নামাজ আদায় করা হচ্ছে না।
প্রতিটি মসজিদ কমিউনিটি থেকে বলা হয়েছে, সব মুসলমান যেন যথারীতি পবিত্র রমজান পালন এবং তাদের বাসাবাড়িতে পরিবারের সঙ্গে ইফতার ও তারাবির নামাজ আদায় করে।
বৃহত্তর আটলান্টার নরক্রস শহরের মসজিদ ওমর বিন আবদুল আজিজের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় কাবাব কিং রেস্তোরাঁয় প্যাকেট ইফতারির ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ইফতারি বণ্টন করা হবে বলে জানান ওই মসজিদ পরিচালনা বোর্ডের সদস্য আবু লিয়াকত হুসেন। ইফতারি গ্রহণে ইচ্ছুক মুসল্লিদের ৭৭০–২৭৯–৮৬০৬ এই মোবাইল নম্বরে অথবা [email protected] এই ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় ডোরাভিল সিটি আত–তাকওয়া মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, মহানবী (সা.) খেজুর দিয়ে ইফতারি করতে পছন্দ করতেন। তাই তিনি তাদের মসজিদে ইফতারির জন্য খেজুরের ব্যবস্থা করেছেন। রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আসরের পর এবং মাগরিবের আগ পর্যন্ত সবার জন্য এই খেজুর মসজিদ প্রাঙ্গণে উন্মুক্ত থাকবে। তিনি বলেন, প্রতি শুক্রবার দুপুরে মসজিদে তিনি একা একাই জুম্মার খুতবা পাঠ করেন এবং তা ফেসবুক লাইভের মাধ্যমে অনলাইনে ছড়িয়ে দেন।