জর্জিয়ায় অ্যাসালের যাত্রা শুরু

আমেরিকায় বসবাসরত দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) জর্জিয়া চ্যাপ্টারের নতুন কমিটির অভিষেক হয়েছে।
জর্জিয়ার নরকোচ ইন্ডিয়ান গ্রিলে ১২ নভেম্বর সন্ধ্যায় জর্জিয়া চ্যাপ্টারের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান অ্যাসালের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন। কমিটির নতুন সদস্যরা অ্যাসালকে শক্তিশালী করার মাধ্যমে যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় কমিউনিটিকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। তাঁরা বলেন, দক্ষিণ এশীয়রা সংগঠিত হতে পারলে, কয়েক দশক ধরে রিপাবলিকান শাসিত ‘রেড স্টেট’ জর্জিয়াকে আগামী ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং পরের নির্বাচনে চেষ্টা চালিয়ে একটি ডেমোক্র্যাট শাসিত ‘ব্লু স্টেটে’ রূপান্তরিত করা সম্ভব।
অনুষ্ঠানে অ্যাসাল প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দীন বলেন, যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের রাজনৈতিক, অর্থনৈতিক শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়নসহ কমিউনিটি এবং মূলধারার মধ্যে সেতুবন্ধন রচনায় নিয়ামক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে অ্যাসাল। এখন সময় এসেছে কেবল আত্মকেন্দ্রিক না হয়ে অন্যদের জীবনকেও সফল করার প্রচেষ্টা চালানোর। সে জন্য প্রসারিত করতে হবে সাহায্যের হাত। এগিয়ে আসতে হবে সবাইকে। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে দক্ষিণ এশীয়দের পাওয়ার হাউস হিসাবে স্বীকৃত অ্যাসাল।
অ্যাসালের ন্যাশনাল কমিটির সম্পাদক করিম চৌধুরী বলেন, ‘অ্যাসাল মূলধারার রাজনীতির মধ্যে সেতু বন্ধনের কাজ করছে। আমরা ডেমোক্র্যাট নই, আমরা রিপাবলিকান নই, আমরা দক্ষিণ এশীয়।’ তিনি সবাইকে আগামী ৯ ডিসেম্বর শনিবার নিউইয়র্কে অনুষ্ঠেয় অ্যাসালের দশম বার্ষিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান।
নব নির্বাচিত সভাপতি আলী হোসেন সকলকে অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারে যোগদানের আহ্বান জানান।