জর্জিয়ায় লড়তে চান পাঁচ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার মূলধারার নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্য বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে। এই রাজ্যে মূলধারার রাজনীতিতে প্রথম নাম লেখান শেখ রহমান চন্দন। গত নির্বাচনে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক পার্টির টিকিটে স্টেট সিনেটর নির্বাচিত হন। অবশ্য তার আগে নোয়াখালী থেকে আসা এমডি নাসের প্রথম বাংলাদেশি ডোরাভিল সিটি কাউন্সিলম্যান নির্বাচিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত সিটি কাউন্সিল নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করেছিলেন। তবে জিততে পারেননি।
শেখ রহমান চন্দন ২০২০ সালের নির্বাচনে আবারও জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখার সময় এই আসনে ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টি থেকে অন্য কোনো প্রার্থীর নাম শোনা যায়নি। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে তিনি আগামী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্টেট সিনেটের নির্বাচিত হবেন বলে আশা
করা হচ্ছে।
জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৭ থেকে কংগ্রেস পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন দুই বাংলাদেশি। ড. রশীদ মালিক ও নাবিলাহ ইসলাম। রশীদ মালিক মূলধারার নির্বাচনে বেশ কয়েকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ২০১০ সালে প্রথমবারের মতো ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জর্জিয়া স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর ২০১২ সালে জর্জিয়া স্টেট সিনেটর পদে দ্বিতীয়বার প্রার্থী হন। ২০১৬ সালে ইউএস কংগ্রেস নির্বাচনে প্রার্থী হন। আসন্ন ২০২০ সালের নির্বাচনেও তিনি জর্জিয়া স্টেট ডিস্ট্রিক্ট-৭ কংগ্রেস আসন থেকে কংগ্রেসম্যান পদে নির্বাচন করবেন।
নির্বাচন প্রসঙ্গে রশিদ মালিক প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, ‘আমি কখনোই হাল ছেড়ে দেব না। ইনশাআল্লাহ এবার আমি নির্বাচনে জিতে কংগ্রেসম্যান নির্বাচিত হব।’
তরুণ রাজনীতিবিদ নাবিলাহ ইসলামও জর্জিয়া স্টেট ডিস্ট্রিক্ট-৭ কংগ্রেস আসন থেকে কংগ্রেসম্যান পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি আটলান্টা সিটি কাউন্সিলম্যান অ্যান্ডে ডিকেন্স, যিনি গুইনেট কাউন্টি ইয়ং ডেমোক্রেটিক পার্টির সভাপতি এবং বিগত প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের আমেরিকার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর প্রচার ব্যবস্থার দায়িত্ব পালন করেন।
নাবিলাহ বলেন, তিনি চূড়ান্তভাবে মনোনয়ন পাবেন বলে আশা করছেন এবং তিনিই হবেন জর্জিয়া থেকে নির্বাচিত আমেরিকায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কংগ্রেসওম্যান।
দীর্ঘ ১৪ বছর জর্জিয়ায় বাংলাদেশ সমিতির মাধ্যমে বাংলাদেশিদের সেবা করার পর মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। এবার স্থানীয় প্রশাসনের মধ্য দিয়ে বাংলাদেশিদের সেবা করতে ডেমোক্রেটিক পার্টি থেকে স্টেট সিনেট পদে লড়তে চান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক এই সভাপতি।
জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৪১ ডিক্যাব কাউন্টি থেকে জাহাঙ্গীর নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। স্থানীয় দারুস সালাম মসজিদ ও জর্জিয়া ইসলামিক ইনস্টিটিউট অব লরেন্সভিলের স্বেচ্ছাসেবক মোহাম্মদ জাহাঙ্গীর বিভিন্ন সময়ে স্থানীয় মুসলিম কমিউনিটির সাহায্য করে থাকেন। সেই হিসেবে স্থানীয় মুসলিম কমিউনিটির বিরাট একটি অংশ তাঁকে সমর্থন দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জর্জিয়ার স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৪৮ থেকে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার আরেক সাবেক সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি আমেরিকানদের কাছে জস উদ্দিন নামে পরিচিত। বাংলাদেশি ব্যবসায়ী জস উদ্দীন গত শতকের আশির দশকের শেষ দিক থেকে আটলান্টায় বসবাস করছেন। সেই সময় থেকেই তিনি এখানকার মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত। এ ছাড়া তিনি বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।