জর্জিয়ায় শেষ হলো চার দিনব্যাপী ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ দূতাবাসের কর্মকর্তা ও উদ্যোক্তা সংগঠনের সদস্যরা
ভ্রাম্যমাণ দূতাবাসের কর্মকর্তা ও উদ্যোক্তা সংগঠনের সদস্যরা

জর্জিয়ার আটলান্টায় ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম। এবার এই দূতাবাস কার্যক্রমটি বিতর্কিত হয়ে পড়ে দুটি সংগঠন পৃথকভাবে এর আয়োজন করায়। এবার বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া আলাদাভাবে এ ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রমের আয়োজন করে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া জর্জিয়াপ্রবাসী বাংলাদেশিদের মূল সংগঠন হিসেবে পরিচিত। এই সংগঠনের মাধ্যমেই বরাবর ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম হয়ে থাকে। কয়েক বছর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাংগঠনিক কার্যক্রম স্তিমিত হয়ে পড়লে এই সুযোগটি নেয় বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া। এই সংগঠনের উদ্যোগে বেশ কয়েকবার ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম অনুষ্ঠিত হয়। কথা ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন সক্রিয় হলে তারা আর এ কার্যক্রমে যুক্ত হবে না। কিন্তু এবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন ১০ ও ১১ নভেম্বর ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রমের ঘোষণা দিলে বাংলাদেশ ফাউন্ডেশনও ৮ ও ৯ নভেম্বর দূতাবাস কার্যক্রমের ঘোষণা দেয়। এতে জর্জিয়াপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।
এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফা মাহমুদ বলেন, ‘ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. মুহম্মদ আলী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এখানকার বাংলাদেশিদের বিভ্রান্ত করেছেন।’
এ অভিযোগ অস্বীকার করে মুহম্মদ আলী বলেন, ‘শুধু এবার নয়; এর আগেও আমরা জর্জিয়ায় ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় এবারও দূতাবাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য অঙ্গরাজ্যেও এক বা একাধিক সংগঠন এ কার্যক্রম করে।’
বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ৮ নভেম্বর জর্জিয়ার শ্যাম্বলী শহরের স্থানীয় একটি বিমা কার্যালয়ে ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম শুরু হয়। কিন্তু বিমা কার্যালয়ে এমন কার্যক্রমের অনুমোদন না থাকায় পুলিশের তৎপরতায় তা পণ্ড হয়ে যায়। পরদিন ৯ নভেম্বর একটি রেস্টুরেন্টে আয়োজনটি সরিয়ে নেওয়া হয়।
অন্যদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ১০ ও ১১ নভেম্বর দু দিনব্যাপী ভ্রাম্যমাণ দূতাবাস কার্যক্রম অনুষ্ঠিত হয় স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে। প্রতি দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক প্রবাসী এ থেকে নানা ধরনের সেবা গ্রহণ করেন।
উভয় কর্মসূচি সফল করতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আসফাকুল নোমান ও মোহাম্মদ মাহমুদুল ইসলাম জর্জিয়া আসেন।