জর্জিয়ায় সিনেটর বাছাই পর্বে জিতেছেন শেখ রহমান

জর্জিয়ার নির্বাচনী এলাকা ডিসট্রিক্ট-৫ এ ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিয়ে স্টেট সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিক বাছাই পর্বের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শেখ মোজাহিদুর রহমান চন্দন ওরফে শেখ রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জর্জিয়ার নির্বাচনী এলাকা ডিসট্রিক্ট-৫ জর্জিয়া অঙ্গ রাজ্যের নরক্রস, লিলবার্ন ও লরেন্সভিল সিটি নিয়ে গঠিত।
বাছাই পর্বের নির্বাচনে শেখ রহমান পেয়েছেন ৪ হাজার ২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্ট থমসন পেয়েছেন ১ হাজার ৮৮৫ ভোট। প্রথম আলোর উত্তর আমেরিকা অফিসকে এ সংবাদের সত্যতা নিশ্চিত করছেন তার নির্বাচনী ক্যাম্প ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন। ২৩ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে জর্জিয়ার নির্বাচনী এলাকা ডিসট্রিক্ট-৫ এ রিপাবলিকান পার্টি থেকে সিনেটর নির্বাচনে কোনো প্রার্থী দেয় না। অতএব এটা নিশ্চিত ধরে নেওয়া যায় শেখ রহমান এ আসনে বিনা প্রতিযোগিতায় সিনেটর নির্বাচিত হয়ে জর্জিয়া স্টেট সিনেটে যাচ্ছেন। জর্জিয়ার ইতিহাসে তিনিই প্রথম ও একমাত্র বাংলাদেশি যিনি জর্জিয়া স্টেট সিনেটে যাওয়ার গৌরব অর্জন করবেন।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার অধিবাসী শেখ মোজাহিদুর রহমান রিপাবলিকান পার্টির হাউস ককার্স চেয়ারম্যান ম্যাট হেচেটের সঙ্গে লরেন্স, উইয়িলকিন্স ও থান্ডুলেন কাউন্টিতে জর্জিয়া স্টেট রিপ্রেজেনটেটিভ প্রার্থী হিসেবেও ২০১২ সালে একবার প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
প্রথম আলো উত্তর আমেরিকাকে শেখ রহমান বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য খাতে মেডিকেইড কর্মসূচি বৃদ্ধিসহ হেলথ কেয়ার ইনস্যুরেন্সকে আরও গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা লাভের জন্য আরও অধিক হারে সুযোগ সৃষ্টির দিকে তিনি নজর দেবেন বলে জানান।