জলবায়ু চুক্তি থেকে সরে আসাটা ভালো হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করতে পান প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে পেনসিলভানিয়ায় এভাবেই প্রতিবাদ জানান পরিবেশবাদীরা l ফাইল ছবি: রয়টার্স
প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করতে পান প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে পেনসিলভানিয়ায় এভাবেই প্রতিবাদ জানান পরিবেশবাদীরা l ফাইল ছবি: রয়টার্স

নিউইয়র্ক সিটির মেয়র ডি ব্ল্যাজিও প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার সরে আসার পরিণাম ভালো হবে না বলে সাবধান করে দিয়েছেন। গত বুধবার তিনি বলেন জলবায়ু চুক্তি থেকে সরে আসার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত আমাদের নগরী, দেশ ও গ্রহের জন্য ভয়ংকরভাবে বিপজ্জনক হবে। মেয়র ডি ব্ল্যাজিও গত বুধবার সকালে এ ব্যাপারে টুইটে প্যারিস চুক্তিকে “বহু বছরের মধ্যে নেওয়া বড় পদক্ষেপ” হিসেবে অভিহিত করেছেন।

ভয়াবহ ঘূর্ণিঝড় স্যানডিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ব্রুকলিনের রেডহুক এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে ফেডারেল সরকার তার দায়িত্ব পালন না করলে নিউইয়র্ক ও অন্য কয়েকটি প্রধান প্রধান সিটি বিষয়টিকে তাদের নিজের হাতে নিয়ে আসবে।
মেয়র বলেন, ‘প্যারিস চুক্তির প্রতি নিউইয়র্ক সিটির ওয়াদা অব্যাহত রাখার উদ্দেশ্যে আমরা এ সপ্তাহের শেষের দিকে একটি নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা করছি। এবং আমরা সারা দেশের ছোট ও বড় সব সিটির সঙ্গে একই ধরনের উদ্যোগে আমরা সমর্থন দেব।’
ডি ব্ল্যাজিও সাবধানবাণী উচ্চারণ করে বলেন, প্যারিস চুক্তি বাস্তবায়ন না হলে নিউইয়র্ক সিটি অব্যাহত ঝুঁকির মধ্যে থাকবে। তিনি বলেন, ‘আমাদের এটা বুঝতে হবে যে, জলবায়ুর পরিবর্তনের বিহিত করা না হলে পৃথিবীর উপকূলীয় শহরগুলো অব্যাহতভাবে হুমকির মুখে থাকবে।’
বুধবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইট বার্তায় বলেন, “আগামী কিছুদিনের মধ্যে প্যারিস চুক্তি সম্পর্কে আমি আমার সিদ্ধান্ত ঘোষণা করব।”
মার্কিন গণমাধ্যম নিশ্চিত করেছে যে, প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে প্রত্যাহার করছেন। প্রেসিডেন্ট দীর্ঘ সময় ধরে অভিযোগ করেন যে, এ চুক্তি আমেরিকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প আমেরিকাকে ওই চুক্তি থেকে সরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্যারিস চুক্তি পরিত্যাগ না করার জন্য গত সপ্তাহে জি-সেভেন নেতৃবৃন্দ প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চাপ দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, দেশে পৌঁছে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।