জলবায়ু চুক্তি থেকে সরে যাচ্ছেন ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু চুক্তি থেকে নিজের দেশকে প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা করছেন। প্রত্যাহার করে নেওয়ার ‘সিদ্ধান্ত নেওয়ার সময় উপস্থিত’ একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। তবে হোয়াইট হাউস কর্মকর্তারা বলেছেন, সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি।
ফ্রান্সের প্যারিসে ২০১৫ সালে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হার কমিয়ে আনতে প্রায় ২০০টি দেশ একমত হয়। ঐতিহাসিক ওই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ২০২৫ সাল নাগাদ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের পরিমাণ ২০০৫ সালের নিঃসরণের তুলনায় ২৬ থেকে ২৮ শতাংশ কমিয়ে আনার কথা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় এ চুক্তি থেকে নিজের দেশকে প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় বৈশ্বিক উষ্ণায়নকে ‘ধাপ্পাবাজি’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি।
প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে কিছু না জানালেও গতকাল এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ ব্যাপারে তিনি সিদ্ধান্তের কথা জানাবেন।
যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে সিদ্ধান্তের সময় উপস্থিত সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুক্তরাষ্ট্রের পরিবেশ রক্ষা সংস্থার প্রধান স্কট প্রুইটের সঙ্গে ট্রাম্প এ বিষয়ে আলোচনা করছেন। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর প্রেসিডেন্ট ঘোষণা দেবেন।
চীনের পরই বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জি-৭ সম্মেলনেও জলবায়ু চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সে সময় তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁর আরও সময় লাগবে।
ট্রাম্পের সিদ্ধান্তের ব্যাপারে গুঞ্জন ওঠার পরই গতকাল এক সংবাদ সম্মেলনে ফ্রান্স সরকারের এক মুখপাত্র বলেন, দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাঁর মন্ত্রিসভাকে বলেছেন, প্যারিস চুক্তি বাস্তবায়নে তাঁর দেশ ‘অত্যন্ত সক্রিয় ভূমিকা’ পালন করবে।
ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মারোন সেফকোভিচ বলেছেন, যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়টি হতাশাজনক।
ডেনমার্কের জ্বালানি ও জলবায়ুবিষয়ক মন্ত্রী লার্স ক্রিস্টিয়ান লিলেহল্ট বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেকে প্রত্যাহার করে নেয়, তাহলে ইইউর নেতৃত্বের দায়িত্ব নেওয়া জরুরি। প্রতিবেশী কানাডা যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরে না যেতে অনুরোধ করেছে।
ইসরায়েলে দূতাবাস প্রসঙ্গে
এদিকে এএফপি জানায়, ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসের অবস্থান বিষয়ে আজ বৃহস্পতিবার একটি সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বর্তমানে বিদ্যমান একটি আইনি ব্যবস্থার মাধ্যমে দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে সরিয়ে নেওয়া বিলম্বিত করা হচ্ছে। এ ব্যবস্থাটি নবায়ন করা হবে কি না, সে বিষয়েই সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। রাজধানী হিসেবে জেরুসালেমের মালিকানার দাবিদার ইসরায়েল ও ফিলিস্তিন উভয়েই। এ কারণে মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে নেওয়া বিতর্কের জন্ম দেবে।