
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে থমকে থাকা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্যারিস সফরকালে এই আহ্বান জানান তিনি।
বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট মাখোঁ বলেন, ফ্রান্স আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃত শান্তির মানদণ্ডের আওতায় এ লক্ষ্যে সব কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জেরুজালেমকে রাজধানী করে ‘নিশ্চিত ও স্বীকৃত সীমানার’ মধ্যে বসবাস করতে পারা উচিত। অধিকৃত ফিলিস্তিন ভূমিতে ইসরায়েলের অব্যাহত বসতি নির্মাণের বিষয়ে ফ্রান্সের বিরোধিতা পুনর্ব্যক্ত করে মাখোঁ বলেন, এ ক্ষেত্রে সবার আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত।
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে নেতানিয়াহুর উদ্বেগ কমাতে মাখোঁ বলেন, ইরান যাতে ওই চুক্তির ধারা মেনে চলে, তার ওপর নজর রাখবে ফ্রান্স।
১৯৪২ সালে নাৎসি অধিকৃত ফ্রান্সে ইহুদিদের গণগ্রেপ্তারের ঘটনার স্মরণ অনুষ্ঠান উপলক্ষে সেই দেশ সফরে যান নেতানিয়াহু। ১৩ হাজারের বেশি ইহুদিকে একটি স্টেডিয়ামে আটক রাখার পর হত্যাশিবিরে পাঠানো হয়েছিল। নেতানিয়াহুই ফ্রান্সে এই স্মরণ অনুষ্ঠানে যোগ দেওয়া প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী।
জলবায়ু চুক্তি নিয়ে আশাবাদ
রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন মোকাবিলাবিষয়ক প্যারিস চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত বদলাতে পারেন বলে আশাবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট মাখোঁ। দেশটির রোববারের সাপ্তাহিক পত্রিকা লো জুর্নাল দু দিমঁশকে তিনি এ কথা বলেছেন। চলতি সপ্তাহেই প্যারিসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মাখোঁ। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘(ট্রাম্প) আমাকে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে সমাধান খোঁজার চেষ্টা করবেন তিনি।’