জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে বিষ্ঠা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি পয়ঃশোধনাগারে ৩৭ কোটি গ্যালন মনুষ্যবর্জ্য পরিশোধন করে ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ডিসি ওয়াটারস ব্লু প্লেইনস নামের একটি প্রতিষ্ঠান এটি করছে। খবর এএফপির।
কার্বন নিঃসরণকারী জীবাশ্ম জ্বালানির দহন বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী বলে চিহ্নিত। অনেকটা এর ফলেই ঘটছে জলবায়ু পরিবর্তন। তাই এভাবে মলমূত্র থেকে জ্বালানি উৎপাদনের বিষয়টি কার্যত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই।
পয়ঃশোধনাগারটির প্রকৌশলী ক্রিস পিওট বলেন, মলমূত্র দিয়ে এখানে পরিবেশ অনুকূল জ্বালানি তৈরি হচ্ছে। এর ফলে অর্থের সাশ্রয় হচ্ছে। জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের জন্য জাতীয় গ্রিডের ওপর নির্ভর করতে হচ্ছে না।
শোধনাগারটিতে প্রায় ২০ লাখ পরিবারের বর্জ্য শোধন করা হয়। শোধনের পর পরিচ্ছন্ন পানি নিকটবর্তী নদীতে ছেড়ে দেওয়া হয়। তার আগে বর্জ্য থেকে তৈরি হয় বিদ্যুৎ। এখানে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে সহজেই আট হাজার পরিবারের প্রয়োজন মেটে।
আন্তর্জাতিক এনার্জি এজেন্সির (আইইএ) হিসাবে বিশ্বের মোট উৎপাদিত বিদ্যুতের মাত্র ৬ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসে। আর ৪১ শতাংশ আসে কয়লা, ২২ শতাংশ গ্যাস, ১৭ শতাংশ জলবিদ্যুৎ, ১১ শতাংশ পরমাণু জ্বালানি এবং ৪ শতাংশ তেলনির্ভর বিদ্যুৎকেন্দ্র থেকে।