জলবায়ু প্রশ্নে অন্তর্দ্বন্দ্বে হোয়াইট হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু প্রশ্নে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র তার সমর্থন প্রত্যাহার করবে কি না, এই রহস্যের সমাধান আসন্ন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় জানিয়েছেন, ওয়াশিংটন সময় বৃহস্পতিবার বেলা তিনটায় হোয়াইট হাউসে তিনি নিজে সেই ঘোষণা দেবেন।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসবেন। সাম্প্রতিক সময়ে অবশ্য তাঁর একটা দোটানা ভাব দেখা গেছে। হোয়াইট হাউসে এই মুহূর্তে দুটি পরস্পরবিরোধী পক্ষ রয়েছে, দুই পক্ষই ট্রাম্পের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জ্যারেড কুশনার প্যারিস চুক্তি মেনে চলার পক্ষে। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টারও চুক্তি বাতিলের বিপক্ষে। টেসলা কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে এলে তার প্রতিবাদে তিনি ট্রাম্পের উপদেষ্টার পদে ইস্তফা দেবেন। অন্যদিকে ট্রাম্পের অন্যতম প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন ও তাঁর সহকারী স্টিভ মিলার অবিলম্বে এই চুক্তি প্রত্যাখ্যান করার পক্ষে। গত সপ্তাহে ইতালিতে জি-৭ জোটের সদস্যদেশগুলোর শীর্ষ বৈঠকে পশ্চিম ইউরোপীয় দেশগুলো ট্রাম্পকে অনুরোধ করেছিল, যুক্তরাষ্ট্র যেন এই আন্তর্জাতিক চুক্তির প্রতি সমর্থন প্রত্যাহার না করে। তবে ট্রাম্প এই প্রশ্নে কোনো আগাম প্রতিশ্রুতি দিতে রাজি হননি। ব্যানন মনে করেন, প্যারিস চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে, অতএব এই চুক্তি বাতিল করতে হবে, তাতে যদি ইউরোপীয় দেশগুলো নাখোশ হয় তবু।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করতে এই দুই পক্ষই নানা রকম ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। উভয় পক্ষই নাম না প্রকাশের শর্তে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে। অনলাইন পত্রিকা এক্সিয়স গত বুধবার জানায়, ট্রাম্প এই চুক্তি বাতিলের পক্ষে, তিনি সেদিকেই ঝুঁকছেন। এরপর হোয়াইট হাউসের আরেকটি সূত্র জানায়, বাতিল নয়, ট্রাম্প চুক্তি সমর্থনের পক্ষে।

রাজনৈতিক পত্রিকা দ্য হিল লিখেছে, ট্রাম্প মনে করেন, যারা এক্সিয়সের সঙ্গে চুক্তিটি বাতিলের কথা বলেছে, তারা চুক্তিবিরোধী দলের সদস্য। স্টিভ ব্যানন বলেন, এই চুক্তির ব্যাপারে যাঁর বিরোধিতা কোনো গোপন ব্যাপার নয়, হয়তো তিনিই এই তথ্য ফাঁস করে থাকবেন। সে বক্তব্যের বিরোধিতা করে যাঁরা পাল্টা বক্তব্য ফাঁস করেছেন, তাঁদের একজন কুশনার অথবা তাঁর ঘনিষ্ঠ কেউ একজন হতে পারেন।

এদিকে ট্রাম্প প্যারিস চুক্তি বাতিল করতে যাচ্ছেন—এই আশঙ্কা থেকে বিভিন্ন সংগঠন গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভের ডাক দেয়। ৩৫০ ডিসি নামের একটি সংগঠন জানিয়েছে, তারা সারা দিনই মার্কিন রাজধানীতে বিক্ষোভ করবে।