জলবায়ুর বিরূপ প্রভাবে উন্নত দেশগুলো উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে প্রকৃতি এবং জলবায়ুর বিরূপ প্রভাব নিয়ে উন্নত দেশগুলোর বেশ উদ্বিগ্ন। প্রকৃতির বিরূপ প্রভাবে ব্যাপক জনগোষ্ঠীর ভবিষ্যৎ বিপর্যয় ঠেকাতে উন্নত বিশ্বের দায়-দায়িত্ব নিয়ে এখন আর বিতর্কের কোনো অবকাশ নেই। এ কারণে নাগরিকদের পক্ষ থেকে সরকারগুলোকে দায়িত্বশীল ভূমিকা নিতে চাপ দেওয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত পরিবেশ আন্দোলনের সংগঠকদের সঙ্গে মতবিনিময়কালে আবদুল মোমেন এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সংগঠক করিম কিম এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

জাতিসংঘে জলবায়ুবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক প্রসঙ্গে এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশে পরিবেশ বিপর্যয়ের প্রধান দুটি কারণ হচ্ছে নির্বিচারে বৃক্ষনিধন ও পরিবেশ দূষণ। পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ জনবহুল দেশগুলোর ব্যাপক জনগোষ্ঠীর জীবন বিপন্নতায় উন্নত বিশ্বকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

বৈঠকে পরিবেশ সংগঠক করিম কিম বলেন, জলবায়ু তহবিলের অনুদানের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা আন্তর্জাতিক মহলের কাছে এখন পূর্বশর্ত হয়ে দাঁড়িয়েছে।

পরিবেশ আন্দোলনের সংগঠকদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সুমাইয়া চৌধুরী, তাহেরা স্বপ্না প্রমুখ।