জাতির জনকের ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চাৎপদ একটি পরাধীন দেশে আমার জন্ম হয়েছিল, শিশুকালে স্কুলে গেলে আমাকে যে জাতীয় সংগীত গাইতে দেওয়া হয়, তা আমর মায়ের ভাষা ছিল না। পরে জেনেছি আমার মাতৃভাষায় কথা বলার জন্য রক্তও দিতে হয়েছে। ক্ষুদিরাম, কানাইলাল, হাজি শরিয়ত উল্লাহ, সূর্যসেনের গল্প শুনেছি জন্মের পরই। শুনেছি বাপ–দাদার স্বদেশি আন্দোলনের কথা। গ্রাম বাংলার পশ্চাৎপদ জনপদে জীবনের প্রথম স্লোগান দিয়েছি ‘জয় বাংলা’ বলে। তখনই জেনেছি ‘জয় বাংলা’ স্লোগান আর শেখ মুজিবুর রহমান সমার্থক। আমাদের অজান্তেই কৈশোরে মুজিবুর আমাদের নেতা হয়ে ওঠেন। আমি বাঙালি। ‘জয় বাংলা’ আমার স্লোগান। শেখ মুজিবুর রহমান আমার নেতা—এ পরিচয় নিয়েই আমাদের জীবনটা শুরু হয়েছিল।

জীবন আমাদের ভাসিয়ে নিয়েছে পথে–প্রান্তরে। দেশ থেকে দেশান্তরে। এর মধ্যে সময়, বিশ্বসভ্যতা মানুষের বিন্যাসকে ভিন্নমাত্রায় জাগ্রত করে তুলেছে। আমরা পরিচিত হয়ে উঠি সারা বিশ্বের লড়াকু মানুষের অহিংস নেতা হিসেবে পরিচিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে। তাঁর দীর্ঘ সংগ্রাম আর স্বজাতির জন্য ক্রমাগত লড়াইয়ে এক মহিমান্বিত নেতার অভিষেক ঘটে বিশ্বমঞ্চে। অবাক বিস্ময়ে দেখি আমাদের নেতা শেখ মুজিবের লড়াই আর দীর্ঘ সংগ্রামের কাহিনি বিশ্বের দরবারে যেন অকথিতই থেকে গেছে। বাঙালির ইতিহাসের মহানায়ক নিয়ে এ নির্লিপ্ততা আমাদের তাড়িত করে।

১৯১৭ সালে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে জার শাসনের অবসান ও সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের উত্থান হয়। সোভিয়েত ইউনিয়নের উত্থানের পর সমাজতন্ত্রে আকৃষ্ট হয়েছিল পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকাসহ এশিয়ার নানা দেশ। কিউবা, উত্তর কোরিয়া, চীন, লাওস আর ভিয়েতনামের মতো কয়েক দেশই কেবল সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে ধাবিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী জাতীয়তাবাদী আন্দোলন জাগ্রত হয়ে উঠে। বাঙালি জাতির নেতা শেখ মুজিবকে ওই সময়েই খুঁজে পাওয়া যায় বেশ দাপটের সঙ্গে।

অবিভক্ত ভারতে মাতৃভাষার মাধ্যমে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির রেনেসাঁসের সূচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় একসময় জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। বাংলাদেশের বাঙালির দুর্ভাগ্য, জাতীয়তাবাদী চেতনায় রাজনৈতিক স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে ১৯৭১ সাল পর্যন্ত।

ঔপনিবেশিক ও অগণতান্ত্রিক রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে সংগ্রাম করে বাঙালির নেতা হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। প্রথমে ব্রিটিশ ঔপনিবেশিক ও তারপর পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তিনি টানা সংগ্রাম করেছেন। বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের জন্য জীবনের প্রায় ১২টি বছর জেল খেটেছেন। জাতীয়তাবাদী আন্দোলনের সমসাময়িক ইতিহাসে এমন ত্যাগ এক বিরল ঘটনা। আফ্রিকার জাতীয়তাবাদী নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনাটা এখানেই এসে যায়।

শেখ মুজিবুর রহমান রাজনৈতিক জীবন শুরু করেছিলেন একজন সাধারণ কর্মী হিসেবে। খুব অল্প সময়ের মধ্যে তিনি বঙ্গবন্ধু হয়ে ওঠেন। কোটি কোটি মানুষের অবিসংবাদিত এমন নেতা একজনই পেয়েছিল বাঙালি। একদিকে তাঁর ছিল অসাধারণ সাংগঠনিক ক্ষমতা, অন্যদিকে ছিল অতুলনীয় বাগ্মিতা। সমসাময়িক কোন বিশ্ব নেতার মধ্যে এমন গুণের সমাহার বিরল ছিল।

আমরা একাত্তর দেখেছি। গ্রাম বাংলার মানুষ। পরনে কাপড় নেই, ঘরে খাবার নেই। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। যার যা আছে, তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন নেতা। চোখের সামনে লোকজনকে বাঁশের লাঠি নিয়ে যুদ্ধে যেতে দেখেছি। যাদের বিরুদ্ধে যুদ্ধ, তাদের হাতে তখন স্বয়ংক্রিয় অস্ত্র। সুসজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে যাওয়া মানুষ ফিরে আসার জন্য যুদ্ধে যায়নি। গেছে দেশ স্বাধীন করার জন্য। তাদের মুখে ছিল ‘জয় বাংলা’ স্লোগান। বুকে ছিল, নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আক্ষরিক অর্থেই মুক্তিযোদ্ধাদের রক্তাক্ত মাঠ, প্রান্তর পেরিয়েই একাত্তরে লাল সবুজ পতাকাটিকে অভিনন্দন জানিয়েছি আমরা। একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয়ী বাঙালি যেদিন মুক্ত স্বদেশে ‘আমার সোনার বাংলা’ গেয়ে উঠেছিল তখনো তাদের বুকচাপা আর্তনাদ ছিল। নেতা শেখ মুজিবুর রহমান তখন হানাদারদের হাতে বন্দী। বাঙালি জাতীয়তাবাদের প্রথম বিজয় উৎসবের দিনেও বাঙালির নেতা ছিলেন কারান্তরালে।

আমরা যুদ্ধ দেখেছি। আমাদের বাড়িতে বোমা পড়েছে। বাংকারে রাত কাটিয়েছি। যুদ্ধ বিধ্বস্ত দেশ দেখেছি। যুদ্ধের পরে দেশ কেমন হতে পারে—এ নিয়ে ধারণা যাদের নেই তারা বুঝতে পারবে না আসল চিত্রটি কেমন। আজকের সময়ে যারা সিরিয়া, ফিলিস্তিন আর কাশ্মীরের নিষ্পেষণ দেখেন। বিধ্বস্ত দেশগুলোতে মানুষের আর্তনাদ দেখেন, তাদের একবার পেছনে ফিরে যাওয়া উচিত। এক যুদ্ধ বিধ্বস্ত জনপদকে সামাল দেওয়ার নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। বিপর্যস্ত বাস্তবতায় দাঁড়িয়ে বাঙালি জাতির মহান নেতা অভয়ের বাণী শুনিয়েছিলেন। রাষ্ট্রীয় কোষাগার নেই, বাতাসে লাশের গন্ধ, পুড়ে যাওয়া বসত বাড়ি, বিধ্বস্ত জনপদ। বৈরী আন্তর্জাতিক বাস্তবতা। দেশে–বিদেশে জাতীয়তাবাদী মহান নেতা কতটা সমস্যায় ছিলেন, তা আজ কেবল ধারণাই করা যেতে পারে।

সারা বিশ্ব তখন দুই শিবিরে বিভক্তি। আমেরিকার নেতৃত্বে এক বিশ্ব। সোভিয়েত বলয়ে আরেক বিশ্ব। দুই পক্ষের চরম উত্তেজনার সময়ে বাঙালির জাতীয় লড়াইয়ের নেতা শেখ মুজিব। ভারতের সাহায্য–সহযোগিতা ছিল। ভারত তখন সোভিয়েত বলয়ে। বিশ্বে সমাজতান্ত্রিক নেতাদের সন্দেহাতীত সমর্থন কখনো ছিল না জাতীয়তাবাদী নেতাদের প্রতি। বাঙালি জাতীয়তাবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও সমর্পিত হননি সমাজতান্ত্রিক বলয়ে। তাঁর সে রাজনৈতিক সুযোগও ছিল না। আমেরিকা বিশ্বের বৃহৎ শক্তি হিসেবে সেদিন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। ধর্মের ধ্বজাধারী পাকিস্তানিদের পক্ষে ছিল মুসলিম বিশ্ব। এমন বাস্তবতায় মহান নেতা নিরন্ন বাঙালিকে নিয়ে তাঁর সোনার বাংলা গড়ার যাত্রা শুরু করেছিলেন। এ কঠিন যাত্রা স্বাধীনতার পর আরও কঠিন হয়ে উঠে নানা কারণে।

যুদ্ধ দেখেছি। বিজয় দেখেছি। যুদ্ধ পরবর্তী দেশ দেখেছি। নিরন্ন মানুষ লঙ্গরখানায় লাইন দিচ্ছে। ক্ষুধার্ত নারী লঙ্গরখানার দরজায় পৌঁছার আগেই রিলিফের চাল, দুধ শেষ হয়ে গেছে। চুয়াত্তরের দুর্ভিক্ষে পাতিল হাতে নিরন্ন নারীকে লঙ্গরখানার দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে শুনেছি, ‘আমি মুজিবুরের কাছে বিচার চাই, বঙ্গবন্ধুর কাছে বিচার চাই! আমার রিলিফের চাল কোথায় গেল?’

নিরন্ন–বিপন্ন বাস্তবতায়ও নেতার প্রতি সাধারণ মানুষের এমন আস্থাই প্রমাণ করে মানুষ কতটা ভালোবেসেছিল তাদের নেতাকে। বঙ্গবন্ধুর ডাকে বাঙালি শুধু রক্তই দেয়নি, ইজ্জত দেয়নি। সাধারণ মানুষ অনাহারে পেটে পাথর বেঁধে বিশ্বাস রেখেছে নেতার প্রতি।

জাতীয়তাবাদী নেতাদের যে সংকট ছিল, সেই সংকট নিয়ে উদাসীন ছিলেন আমাদের নেতা। যারা তাঁকে নেতা বানিয়েছিল, তাদের বিশ্বাস করতেন। নিজে কোনো দিন ভাবেননি, ঘাতকেরা তাঁকে তাড়া করছে। করলেও ভেবেছেন, হামলাটি আসবে দেশের বাইরে থেকে। মুক্তিযুদ্ধের নয় মাসে শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে দুঃসময় পাড়ি দিতে হয়েছিল প্রবাসী সরকারকে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাসা বেঁধেছিল বিশ্বাসঘাতকতার আয়োজন। বাঙালির আত্মঘাত আর বিশ্বাসঘাতকতার নানান রূপ সেদিন আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে।

প্রবাসী সরকারের মন্ত্রিসভার অন্যতম সদস্য পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ। তার দক্ষিণপন্থী মিত্রদের নিয়ে তলে তলে ঘোঁট পাকাচ্ছিলেন। কলকাতাস্থ আমেরিকান দূতাবাসের সঙ্গে হাত মিলিয়ে আপসের প্রস্তাব বানিয়ে বাংলাদেশের স্বাধীনতার দফারফা করবার ষড়যন্ত্রও করছিল মোশতাক গং। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রবাসী সরকারকে পাশ কাটিয়ে মোশতাক আহমদের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে একটি সমঝোতার উদ্যোগ গ্রহণ করা হয়। স্বাধীনতার দাবি ছেড়ে দিয়ে স্বায়ত্তশাসন অথবা পাকিস্তানের সঙ্গে একটি ন্যূনতম সংযোগ রাখার লক্ষ্যে কনফেডারেশন গঠনে রাজি হয়ে গিয়েছিল একটি পক্ষ। বাঙালির আরেক মহান নেতা তাজউদ্দীন আহমদের দূরদর্শিতায় খন্দকার মোশতাক ও তার সহযোগীদের সেই বিশ্বাসঘাতকতা সেদিন মোকাবিলা করা সম্ভব হয়েছিল।

ভারতের মাটিতে বসেই আবার নতুন ষড়যন্ত্র চলতে থাকে। দাবি ওঠানো হয়, ‘বঙ্গবন্ধুর মৃত্যু ঠেকাতে আপসনামার’। ‘বঙ্গবন্ধুর জীবন না স্বাধীনতা’—কোনটি চাই?—এমন চতুর ষড়যন্ত্রের দাবিও ঠেকিয়েছিলেন তাজউদ্দীন আহমেদ। বিশ্বাসঘাতকেরা স্বাধীন দেশে ফিরে আবার সক্রিয় হয়। ফলে স্বাধীন বাংলাদেশে স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার আগেই সপরিবারে খুন হলেন স্বয়ং জাতির জনক। দল ও দেশের আত্মঘাতী মানুষেরা অস্ত্র তুলে সপরিবারে হত্যা করল জাতির জনককে। বিশ্বের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত কাজটি করেছে কুলাঙ্গারেরা।

জাতির পিতার মৃত্যুতে তাঁর সন্তানদের যেমন প্রতিক্রিয়া দেখানোর কথা ছিল বাংলাদেশে, তেমনটি দেখা যায়নি। হতভম্ব বাঙালি যেন মুষড়ে পড়েছিল। এ বিষয়ে আলোচনার সময় মোশতাক, জিয়ার শাসনামলে বাংলাদেশের রাজনৈতিক, সামরিক পরিস্থিতির কথা আমাদের মাথায় রাখতে হবে। হঠাৎ করে বাংলাদেশে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নাম উচ্চারণ করা নিষিদ্ধ হয়ে পড়ে। কঠিন এ বাস্তবতার জন্য স্বাধীন বাংলাদেশের আপামর জনতা প্রস্তুত ছিল না।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ঢাকায় কারফিউ জারি করা হয়েছে অসংখ্যবার। রাজপথ দাপিয়ে বেড়িয়েছে ঘাতকদের লেলিয়ে দেওয়া সেনাবাহিনী। এমন কঠিন পরিস্থিতিতেও পঁচাত্তর সালের ১৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, মধুর ক্যানটিনসহ পুরো বিশ্ববিদ্যালয় পোস্টার ও দেয়াল লিখন হয়েছে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানিয়েছে ছাত্ররা। ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন ছিল ঘাতকদের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ। তৎকালীন ত্রাসের রাজত্বে এসব প্রতিবাদ-প্রতিরোধ ছিল জাতির জনকের প্রতি মাটির খাঁটি সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার বহিঃপ্রকাশ।

অধ্যাপক আহমদ শরীফ বলেছিলেন, ‘আড়াই হাজার বছর ধরে যে-ই বাঙালি চরিত্র সম্পর্কে আলোচনা করেছে সেই বলেছে, বাঙালি চোর, মিথ্যাবাদী, ভীরু, কাপুরুষ, পরশ্রীকাতর, ঈর্ষাপরায়ণ ইত্যাদি। এর কারণ কী? কারণ, আমরা পরাধীন ছিলাম। যে পরাধীন, যে দাস, সে তো সোজা হয়ে দাঁড়াতে পারে না; মেরুদণ্ড সোজা রাখতে পারে না, সামনা-সামনি কথা বলে ব্যক্তিত্বের পরিচয় দিতে পারে না। তাতে নিজেদের মধ্যে ঈর্ষাপরায়ণতা ও কাপুরুষতা জাগে। স্বনির্ভর হয় না, ফিকিরে বাঁচতে চায় বলে চোর ও মিথ্যাবাদী হয়। সংঘশক্তি গড়ে ওঠে না। সংঘশক্তির জন্য দরকার নতুন আত্মচেতনা।’

বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালিকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন। আজ যে পরিচয়ে আমাদের বিচরণ, তারজন্য একজন মানুষের কাছে আমাদের ঋণ অপরিশোধ্য। এ ঋণ আমরা শোধ করতে পারিনি, পারব না। যে মানুষজন ভালোবেসে শেখ মুজিবকে নেতা বানিয়েছিল, বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল—সে জনগণের ভালোবাসার ঋণ শোধ করে গেছেন মহান নেতা তাঁর জীবন দিয়ে। আমরা দুর্ভাগা জাতি স্বাধীনতা পেয়েছি। বিশ্বের বুকে আত্মপরিচয় নিয়ে দাঁড়াতে পেরেছি। যার টানা সংগ্রামে আমাদের এ উত্থান, আমরা তাঁকে রক্ষা করতে পারিনি। পরিবার–পরিজন নিয়ে নিজের জীবনটা বিলিয়ে জনক শোধ করে গেছেন স্বজাতির প্রতি তাঁর সব দায়। আমরা পারিনি আমাদের জনককে রক্ষা করতে।

সমসাময়িক বিশ্বে দক্ষিণ আফ্রিকার জনক হিসেবে নেলসন ম্যান্ডেলা তাঁর জনগণের জন্য ত্যাগে ও সংগ্রামে পূজনীয় হয়ে ওঠেন সারা বিশ্বে। আধুনিক রাজনীতিবিজ্ঞানে তিনি এক অবশ্য পাঠ্য নাম। পূর্ব থেকে পশ্চিমের দেশে দেশে জনগণের অধিকার নিয়ে লড়ে যাওয়া নাম ম্যান্ডেলা। তাঁর যে উক্তি আধুনিক রাজনীতিবিজ্ঞানের অবশ্যপাঠ্য হয়ে উঠে তা হচ্ছে—‘প্রকৃত নেতাকে তাঁর জনগণের স্বাধীনতার জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে।’ হ্যাঁ, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বস্ব ত্যাগ করেই প্রমাণ করেছেন, তিনিই বাঙালির প্রকৃত নেতা ছিলেন। জনকের ঋণ শোধ করেই বাঙালির প্রবহমান স্রোতোধারা এগিয়ে যাবে কাল থেকে কালান্তরে।

লেখক: ইব্রাহীম চৌধুরী, আবাসিক সম্পাদক, প্রথম আলো উত্তর আমেরিকা।