জাতির পিতা, আমরা জেগে আছি
সাংবাদিক ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন, আপনার সবচেয়ে বড় শক্তি কি? উত্তরে বাংলার অবিসংবাদিত নেতা বলেছিলেন, ‘আমার দেশের মানুষকে আমি অনেক ভালোবাসি’। সবচেয়ে বড় দুর্বলতার কথা জানতে চাইলে জাতির পিতা উত্তর দিয়েছিলেন, ‘আমি তাদের খুব বেশি ভালোবাসি’। ভেবে দেখুন, বাংলার মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার গভীরতা ও দৃঢ়তা কোনো পর্যায়ের। অথচ কষ্ট, দুঃখ আর লজ্জা; সেই বাংলার জমিনেই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের এতটা নিষ্ঠুরভাবে হত্যা করেছে কাপুরুষের দল।
লজ্জায় আজও আমার মাথা নুয়ে আসে। ক্ষোভে ভেতরে তৈরি হয় অস্থিরতা। আমরা সেই জাতি, যারা নিজেদের জাতির পিতা ও তার পরিবারকে রক্ষা করতে পারিনি ঘাতকের নির্মমতা থেকে। আমি সত্যিই দুঃখিত পিতা। আপনি আমাদের ক্ষমা করুন।
কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু আপনি দেখুন, আজ বাংলার আকাশে আপনার বিজয়ের পতাকা। সত্য এখন কথা বলছে। আপনার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। বিশ্বের রোল মডেল। অথচ এই দেশেই একটা সময় ইতিহাস হয়ে উঠেছিল মিথ্যায় মোড়ানো। বছরের পর বছর, শিশুদের কিশোরদের ভুল আর মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে। দেশের বিবেকবান মানুষকে সঙ্গে নিয়ে, জননেত্রী সেই অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়েছেন।
শোকাবহ ১৫ আগস্টকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ হওয়া সব সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা। কী ছিল সেই দিনের ঘটনা, আমরা জানি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ষড়যন্ত্রকারী বেইমানেরা চারটি ভাগে ভাগ হয়। মেজর হুদার অধীনে বেঙ্গল ল্যান্সারের ফার্স্ট আর্মড ডিভিশন ও ৫৩৫ পদাতিক ডিভিশনের কিছু কুচক্রী বঙ্গবন্ধুর বাসভবন আক্রমণ করে। ভেবে অবাক হই, ঘাতকদের হাত এতটুকুও কি কেঁপে উঠল না! তারা কীভাবে পারল এমন একজনের বুকে গুলি চালাতে, যিনি একটি স্বাধীন দেশ আমাদের দিয়েছেন। কেবল জাতির পিতা নন, তার স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, তাদের দশ বছরের শিশুসন্তান শেখ রাসেলকেও হত্যা করা হয়। হত্যা করা হয় তাদের অন্য দুই পুত্র ও পুত্রবধূদেরও। কেবল তাই নয়, আরও অনেককে সেদিন ঘাতকদের নৃশংসতার শিকার হতে হয়েছিল। কি নির্মমতা! ইতিহাস তাদের কোনো দিন ক্ষমা করেনি, করবে না। ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়িটি, জাতির গৌরবের ইতিহাসের সাক্ষ্য বহন করছিল, সেই বাড়িটিই সেদিন পবিত্র রক্তে হয়েছিল রঞ্জিত।

তখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জার্মানিতে থাকায় বেঁচে যান। ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন থেকে শেখ হাসিনা স্বদেশে ফেরেন। দায়িত্ব নেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের। তারপর তো পুরোটাই ইতিহাস।
কি পরিহাস! খুনিরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার শাস্তি এড়াতে জারি করেছিল ইনডেমনিটি অধ্যাদেশ, যা পরবর্তীতে সংবিধানে পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি ছিল আরও একটি ঘৃণ্য পদক্ষেপ। অথচ দেখুন সৃষ্টিকর্তা চাইলে কিনা সম্ভব। এই বাংলার মাটিতেই জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচার হয়েছে।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর দায়মুক্তি আইন বা ইনডেমনিটি আইনটি বাতিল করে আওয়ামী লীগ সরকার। ধানমন্ডি থানায় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আ ফ ম মহিতুল ইসলাম বাদী হয়ে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেন। ২০০১ সালের ৩০ এপ্রিল তৃতীয় বিচারক মোহাম্মদ ফজলুল করিম অভিযুক্ত ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিত করেন। ১৩ বছর ধরে চলা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আইনি ও বিচারিক কার্যক্রম শেষ হয়। ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়। যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, তারা হলেন নাম লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লে. কর্নেল মহিউদ্দিন আহম্মেদ ও লে. কর্নেল এ কে এম মহিউদ্দিন আহম্মেদ।
কিন্তু পরিতাপের বিষয়, এখনো ছয় খুনি বিদেশে পালিয়ে আছে। কর্নেল খন্দকার আবদুর রশিদ, লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, রিসালদার মোসলেম উদ্দিন, লে. কর্নেল এস এইচ নূর চৌধুরী ও অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মাজেদ। তাদের দেশে ফেরানোর সব ধরনের প্রচেষ্টাই করছে সরকার। আমাদের বিশ্বাস, একদিন এসব খুনিকেও দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর রক্তঋণ কিছুটা হলেও শোধ হবে।
খুনিদের দেশে ফেরাতে আমাদেরও জনমত গড়ে তুলতে হবে। দেশের বাইরে আমরা যে যেখানে আছি, নিজেদের অবস্থান থেকে কাজ করে যেতে হবে। আর জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে আরও সমৃদ্ধির দিকে, শোকের এই দিনে এই হোক আমাদের শপথ।
জাতির পিতা ঘুমিয়ে আছেন টুঙ্গিপাড়ায়। কিন্তু প্রিয় নেতার আদর্শ ছড়িয়ে আছে গোটা বাংলাদেশে, দেশ থেকে দেশান্তরে। শোকের এই দিনে আরও একবার শপথ নিলাম, পিতা তোমার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা আমরা সমুন্নত রাখব। তোমার দেওয়া দেশ, তোমারই প্রিয় কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের স্বর্ণশিখরের দিকে যাচ্ছে, আমরা সঙ্গী আছি, থাকব। বঙ্গবন্ধুর সোনার বাংলা, চেয়ে দেখবে গোটা বিশ্ব। তার জন্য আমরা জেগে আছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।