জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ মহাসচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
জাতিসংঘ মহাসচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ১১ জুন দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদ্‌যাপনসহ বাংলাদেশ ও জাতিসংঘ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটের হালনাগাদ তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজভূমি রাখাইনে প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার সরকারের অসহযোগিতা ও বিদ্যমান অন্যান্য সমস্যাগুলো তিনি জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন। এ সময় তিনি মিয়ানমারের দায়বদ্ধতার ইস্যুটি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার লক্ষ্যে সাম্প্রতিক ওআইসি শীর্ষ সম্মেলনে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও কথা বলেন। এ ছাড়া বিশ্বব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন করার বিষয়ে জাতিসংঘ ও জাতিসংঘের মহাসচিবের অংশগ্রহণের অনুরোধ জানান তিনি।
বৈঠকে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তবে বরাবরের মতোই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের উদারতা ও মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সক্রিয় কার্যক্রমের জন্য সাধুবাদ জানান আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, আসন্ন ক্লাইমেট অ্যাকশন সামিটে বাংলাদেশের সক্রিয় ও ফলপ্রসূ অংশগ্রহণের দিকে তাকিয়ে আছে জাতিসংঘ।
অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
এর পর জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়ার সঙ্গেও বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে তাঁদের আলোচনায়। বৈঠকে ল্যাক্রুয়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণ ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরও বেশি নারী শান্তিরক্ষী প্রেরণ করবে মর্মে আন্ডার সেক্রেটারি জেনারেল তাঁর প্রত্যাশার কথা জানান।
জাতিসংঘের পিসকিপিং অপারেশনের উচ্চ পর্যায়ের পদে বাংলাদেশের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনুরোধ জানালে আন্ডার সেক্রেটারি জেনারেল এটি বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমে কারিগরি সহায়তা, সর্বাধুনিক সরঞ্জামাদি সরবরাহ ও বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাক্রুয়া। বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ ও মিনিস্টার মো. মনোয়ার হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।