জাতিসংঘে ঐতিহাসিক ৭ মার্চের ওপর আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা করেন বক্তারা
অনুষ্ঠানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা করেন বক্তারা

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঐতিহাসিক ৭ মার্চের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে ইউনেসকোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এর পর জাতির পিতা, বঙ্গমাতা, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে নিহত জাতির পিতার পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, দু লাখ নির্যাতিত নারী ও ভাষা শহীদসহ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।
সভার শুরুতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়। পরে এর ওপর আলোচনা করা হয়। ৭ মার্চের ভাষণ একটি জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণে কীভাবে উজ্জীবিত করেছিল, তা উঠে আসে রাষ্ট্রদূতের স্বাগত বক্তব্যে। স্থায়ী প্রতিনিধি বলেন, ‘ইউনেসকো কর্তৃক জাতির পিতার ৭ মার্চের ভাষণের স্বীকৃতি একদিকে যেমন পৃথিবীর মানুষকে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব ও আমাদের মুক্তিসংগ্রাম সমন্ধে জানার সুযোগ করে দিয়েছে, তেমনি কালোত্তীর্ণ এই ভাষণ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় ও মুক্তির পথে উজ্জীবিত করছে।’
আলোচকেরা এই ভাষণের প্রেক্ষাপট, বিষয়বস্তু, সুদূরপ্রসারী প্রভাবের ওপরও আলোকপাত করেন। জাতির পিতার এই ভাষণে স্বাধীনতা অর্জনের জন্য একজন সুযোগ্য রাষ্ট্রনায়কের সুচিন্তিত কৌশলের সবটুকুই প্রতিভাত হয়েছে মর্মে মন্তব্য করেন বক্তারা। আলোচনা শেষে ঐতিহাসিক এই ভাষণ নিয়ে লেখা কবি নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ আবৃত্তি করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিশনের মিনিস্টার ও হেড অব চ্যান্সারি মোহাম্মদ নূরে আলম।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে।