জাতিসংঘে বিশ্বনেতাদের কপটতা ও ভবিষ্যতের বিশ্ব

এই সপ্তাহে জাতিসংঘের ৭২তম সাধারণ সম্মেলন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিউইয়র্কে উপস্থিত হয়েছিলেন। সাধারণত সাধারণ অধিবেশনে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হয়। এবারও অনেক সভা হয়েছ, চমৎকার সব পার্টি হয়েছে, নেতাদের বক্তৃতায় ধ্বনিত হয়েছে কীভাবে পৃথিবীকে আরও বাসযোগ্য, যুদ্ধ, দরিদ্র, ক্ষুধা এবং জরামুক্ত করা যায়। কিন্তু নেতাদের এসব বাণী ও তাঁদের কাজের মাঝে আছে একধরনের কপটতা।
এ বছর বিশ্বের বেশ কিছু নবাগত নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন আমেরিকার প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প—যিনি জাতিসংঘের একজন স্পষ্টভাষী সমালোচক। এ বছর জাতিসংঘে আমেরিকার নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ট্রাম্প ও জাতিসংঘ আমেরিকার রাষ্ট্রদূত নিকি হেলি। ট্রাম্প প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন। তবে তিনি যেভাবে মাত্র আড়াই কোটি মানুষের আবাসভূমি উত্তর কোরিয়াকে সমূলে ধ্বংসের কথা বললেন, তা কখনোই জাতিসংঘের যুদ্ধবিরোধী নীতির সঙ্গে যায় না। ট্রাম্প ইয়েমেনে সাহায্যর কথা বলেছেন, অথচ আমেরিকার সাহায্য নিয়েই সৌদিরা সেখানে বোমাবর্ষণ করছে। জাতিসংঘের কর্মকর্তারা ইয়েমেনের ঘটনাকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন।
যাঁরা এ বছর প্রথমবারের মতো জাতিসংঘে এলেন, তাঁদের মধ্যে আরেক উল্লেখযোগ্য হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, যাঁর বক্তব্য ছিল ফ্রান্সে অনুষ্ঠিত জলবায়ুবিষয়ক সম্মেলনের প্রতি জোরালো সমর্থন আদায় করা। জাতিসংঘে
দ্বিতীয়বারের মতো উপস্থিত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি মানুষ পাচারের বিরুদ্ধে বক্তব্য দেন। যেসব গুরুত্বপূর্ণ নেতা এ বছর উপস্থিত হননি, তার মধ্যে ছিলেন ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী। কারণ তাঁর দেশের মানবিক বিপর্যয়ের বিষয়ে জাতিসংঘের ভূমিকা এড়াতে চেয়েছেন। উপস্থিত ছিলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন সেপ্টেম্বর ২১। ১৭ মিনিটের ভাষণে তিনি বাংলাদেশে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রসঙ্গ তুলে ধরেন। নোবেল বিজয়ী অং সান সু চির দেশে রোহিঙ্গাদের ওপর যে অমানুষিক নির্যাতন হচ্ছে, সে সম্পর্কে তিনি প্রশ্নের সম্মুখীন হবেন, তাই জাতিসংঘে এলেন না। কিন্তু তাঁর দেশের এই হঠকারী সিদ্ধান্তকে সারা পৃথিবী প্রতিবাদ করলেও প্রতিবাদ করছে না চীন ও ভারত।
এই রকম আরও অনেক নজির স্থাপন করা যায়, যা শুধু এই প্রবন্ধের আকারই বৃদ্ধি করবে। কিন্তু আমাদের নেতাদের এই আচরণ সত্ত্বেও পৃথিবী যে এগিয়েছে, তার হিসাব পাওয়া যায় বিশ্বব্যাংকের কিছু প্রতিবেদনে। সারা পৃথিবীতে ১৯৯০ সালের পর সফলভাবে টিকা দেওয়ার কারণে কোটি কোটি শিশুর জীবন রক্ষা পেয়েছে। প্রতিদিন বিশ্বব্যাপী ৩ লাখ মানুষ নতুন করে বিদ্যুৎ পাচ্ছে, ২ লাখ ৮৫ হাজার মানুষ পাচ্ছে পরিষ্কার পানি। বিশ্ব দারিদ্র্যকে মোকাবিলার আজ নতুন প্রত্যয় হলো নারীর ক্ষমতায়ন, শিক্ষা, অপুষ্টি দূর করা এবং পরিবার পরিকল্পনা। বিশ্ব থেকে ম্যালেরিয়া ও কুষ্ঠ রোগ প্রায় বিদায় নিয়েছে, এইডস নিয়ন্ত্রণে। তবে এখনো অনেক কিছুই করা বাকি আছে। পৃথিবীর শরণার্থী সমস্যার সমাধান সম্ভব হয়নি। তবে মানুষ পাচার অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে প্রতিবেদন পাওয়া যায়। আমেরিকা ছাড়া পৃথিবীর অন্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিষয়ে এবং পৃথিবীর কার্বন নিঃসরণ বিষয়ে একযোগে কাজ করে চলছে। আশা করি আগামী পৃথিবী আজকের শিশু এবং অনাগত শিশুদের জন্য আরও বাসযোগ্য হয়ে উঠবে।
জাতিসংঘের বর্তমান মোট সদস্য সংখ্যা হলো ১৯৩। এর মধ্যে প্রায় এক শটি দেশের সরকারপ্রধান বা প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিতে জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে উপস্থিত ছিলেন। সব বক্তার ১৫ মিনিট করে ভাষণ দেওয়ার কথা, সেই হিসাবে সময় লাগার কথা ৪৮ ঘণ্টা। তবে সব সময় এই রীতি মানা হয় না। ২০০৯ সালে লিবিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ভাষণ দেন ৯৬ মিনিট, ২০১১ সালে ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ যখন জ্বালাময়ী ভাষণ দেন, তখন আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি তা বর্জন করে। ১৯৬০ সালে কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো ভাষণ দেন প্রায় চার ঘণ্টা।
জাতিসংঘের সব সভ্য দেশ চাঁদা দেয়। সেই চাঁদার অর্থেই এই প্রতিষ্ঠানের বাজেট প্রণয়ন করা হয়। এ বছর চাঁদার পরিমাণ ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার ধরা হয়েছে। এর মধ্যে আমেরিকার চাঁদার পরিমাণ সবচেয়ে বেশি ৫৫ দশমিক ৯ মিলিয়ন ডলার, যা মোট চাঁদার ২২ ভাগ। আমেরিকার পরই আছে জাপান, তারা দিচ্ছে ৯ দশমিক ৬৮ ভাগ, তারপর চীন ৭ দশমিক ২ ভাগ, জার্মানি ৬ দশমিক ৩৯ ভাগ এবং ইউকে ৪ দশমিক ৪৬ ভাগ। বাকি দেশগুলো দেয় শূন্য দশমিক ১ ভাগের কম চাঁদা।
বর্তমান জাতিসংঘ পৃথিবীর ৮০টি দেশে ৮০ লাখ ক্ষুধার্ত মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। পৃথিবীর ৪৫ ভাগ শিশুকে টিকা দিয়ে থাকে। প্রায় সাড়ে ছয় কোটি শরণার্থীকে সাহায্য দিচ্ছে। পৃথিবীর চারটি মহাদেশে ১৫টি স্থানে ১ লাখ ১৭ হাজার শান্তিরক্ষী কাজ করছে।