জাতিসংঘে রোহিঙ্গা নিয়ে চলচ্চিত্র প্রদর্শন

বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গা উদ্বাস্তুদের মর্মস্পর্শী ঘটনা নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জন্মভূমি’ প্রদর্শিত হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে এটি প্রদর্শিত হয়।
স্থানীয় সময় গতকাল সোমবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ও প্রসূন রহমান পরিচালিত এই চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি ছাড়াও কূটনীতিক ও জাতিসংঘের কর্মীরা এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর আগে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘে সুইজারল্যান্ড ও কেনিয়ার রাষ্ট্রদূত এবং জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি। এই আলোচনা অনুষ্ঠানে সবার নজর কেড়ে নেয় ১৩ বছরের মার্কিন কিশোরী মডেল সুসান কচ। সে রোহিঙ্গা সমস্যার পটভূমি তুলে ধরে। অবিলম্বে বাংলাদেশে অবস্থানরত সব রোহিঙ্গা উদ্বাস্তুর নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় সে।