জাতিসংঘের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশ

জাতিসংঘের আন্তর্জাতিক বাজারে (মেলা) অংশ নিয়েছে বাংলাদেশ। মেলায় বাংলাদেশের দুটি স্টলে ছিল হাতে তৈরি ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার এবং দেশীয় কারু ও হস্তশিল্প সামগ্রী। ২৫ মে জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে ইস্ট রিভার প্লাজায় এ মেলার আয়োজন করা হয়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের স্ত্রী এবং ‘ইউএন উইমেন গিল্ড’ এর অনারারি প্রেসিডেন্ট ক্যাটারিনা ভাজ পিনটো এ মেলার আয়োজক। মেলা থেকে উপার্জিত অর্থ সিরিয়ার শরণার্থী এবং বিশ্বব্যাপী ‘ইউএন উইমেন গিল্ড’ এর স্পন্সরকৃত শিশু প্রকল্পে ব্যয় করা হবে।
প্রচণ্ড বৃষ্টি ও বাতাস উপেক্ষা করে নিউইয়র্কের বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যরা এবং জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী মেলায় অংশ নেন।
প্রত্যেক দেশের হাতে তৈরি খাবার, হস্তশিল্প, পোশাক, শোপিসসহ অসংখ্য লোকজ ও সাংস্কৃতিক উপাদান দিয়ে সাজানো ছিল স্টলগুলো।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির পত্নী ফাহমিদা জাবিন স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেটের দেওয়া স্টলের তত্ত্বাবধান করেন। স্টলগুলাতে পণ্য-সামগ্রী কিনতে ভিড় লেগেই ছিল।
মেলা পরিদর্শনে গিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, এ মেলা বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন মেলা। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, আতিথেয়তা, সম্প্রীতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এ মেলা তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে।
নিউইয়র্কে সফররত বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন সস্ত্রীক ‘বাংলাদেশ স্টল’সহ এ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলা শেষে ‘ইউএন উইমেন গিল্ড’ এর প্রতিনিধিরা লটারির মাধ্যমে র্যা ফেল ড্র’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মানবতার কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রতিবছরই জাতিসংঘ আন্তর্জাতিক বাজারের আয়োজন করা হয়।