জাতিসংঘের গোলটেবিলে খান'স টিউটোরিয়াল

জাতিসংঘের একটি গোলটেবিল আলোচনায় অংশ নিয়েছে নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠান খান’স টিউটোরিয়াল। সম্প্রতি ‘টেকসই উন্নয়ন লক্ষ্য সংক্রান্ত আন্তপ্রজন্ম সংলাপ’ শীর্ষক এই আলোচনায় খান’স টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান এবং প্রেসিডেন্ট ও সিইও ডা. ইভান খান যোগ দেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক পরিবর্তনে প্রতিটি মানুষের মধ্যে দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ আলোচনায় খান’স টিউটোরিয়ালসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এ ছাড়া বৈঠকে ‘এজিং, ইমোশনাল ইন্টেলিজেন্স ইন টিনস’ শীর্ষক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। এ অংশটি পরিচালনা করেন ড. পদ্মিনী মূর্তি।
বৈঠকে অন্য আলোচকদের মধ্যে ছিলেন হারলেম চিলড্রেনস জোনের সিইও অ্যানি উইলিয়ামস-আইসম, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপলের প্রেসিডেন্ট কর্নেল উইলিয়াম ব্রুকস, ইউএন ওমেনের উপ নির্বাহী পরিচালক রাভি কারকারা প্রমুখ।
১৯৯৪ সালে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ মনসুর খান প্রতিষ্ঠিত খান’স টিউটোরিয়াল থেকে কোচিং করে এ পর্যন্ত ২ হাজার ৬০০ জনের বেশি শিক্ষার্থী নিউইয়র্ক নগরের বিভিন্ন বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, যা নিউইয়র্ক নগরের যেকোনো টিউটোরিয়ালের চেয়ে অনেক বেশি। নিউইয়র্ক সিটিতে খান’স টিউটোরিয়ালের ১০টি শাখা রয়েছে। এর মধ্যে জ্যামাইকায় রয়েছে তিনটি। এ ছাড়া জ্যাকসন হা্ইটস, অ্যাস্টোরিয়া, ব্রুকলিন, ফ্লোরাল পার্ক, ওজোন পার্ক, ব্রঙ্কস ও রিচমন্ডহিলে রয়েছে একটি করে শাখা।