জাতিসংঘের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রীর কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর। এই অধিবেশনে যোগদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। এই উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জাতিসংঘের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচিগুলো তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশর স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন মিশনের ফাস্ট সেক্রেটারি (প্রেস) নূরে এলাহী মিনা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি সফরসঙ্গী হবেন।
মাসুদ বিন মোমেন জানান, বর্তমানে দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স নামে পরিচিত সংস্থাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা প্রদান করবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অভাবনীয় সাফল্য এবং শিশুদের টিকাদান কর্মসূচির নীতি নির্ধারণী কার্যক্রমে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ ও কার্যকর নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশের আয়োজনে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এতে রোহিঙ্গাদের অতি দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠাতে মুসলিম বিশ্বসহ জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের সহযোগিতা ও করণীয় বিষয়ে আলোকপাত করা হবে। ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিসেফ আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মাননা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত রানি ম্যাক্সিমা, বিল গেঁস, আইসিসির চিফ প্রসিকিউটর, প্রধান নির্বাহীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
এবারের অধিবেশন চলাকালে ২৫ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিট জার্নালের ফ্রন্টিয়ার মার্কেট এডিটর ডেন কিলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ করবেন। এ ছাড়া ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটন পোস্টের ইসহান ঠারন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার গ্রহণ করবেন।