জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার একটি রেস্তোরাঁয় ১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় এ উপলক্ষে সংগঠনটি এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা আহমেদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদুর রহমান এবং সংগঠনের উপদেষ্টা সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার ও মাহবুবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি হারিছ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুত্ফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক জেসমিন আকতার চৌধুরী, যুববিষয়ক সম্পাদক শফিউল আলম, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ নূর ইসলাম, নিউইয়র্ক স্টেট সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, জাতীয় যুব সংহতির সদস্য আবদুল মোতালেব, বলাকার সাবেক সভাপতি আজহারুল হক, সদস্য এম আর সেলিম, রিফাত মোল্লা, ফেরদৌস আলম, মো. আলী, আবুল বশর প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ হানিফ। পরে জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মেহেরুন আহমেদ। এর পর ২০১৯ সালে পার্টির চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে প্রবাসের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ লিয়াকত আলী, সাবেক সংসদ শহীদুর রহমান, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী ও উপদেষ্টা আহমদ শরীফ।
অনুষ্ঠানে শিল্পী শাহানাজ বেগম, মোহর খান, কানিজ ফাতেমা, ফরিদা বকুল ও প্রিন্সের সংগীত পরিবেশনা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক নূর ইসলামের স্বরচিত কবিতা পাঠ সবাইকে মুগ্ধ করেন। সব শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।