জানালায় দেখা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজটি কাঙ্ক্ষিত উচ্চতায় এসে স্থির হয়ে সামনে ভাসছে। ভাসবে বলেই তো অসীম আকাশে ডানা মেলছে। রাতের যাত্রা। নিউইয়র্ক সময় রাত এগারোটা। অনটাইমেই উড়োজাহাজ তার যাত্রা শুরু করেছে।
লম্বা-চওড়ায় মোটাসোটা আমিরাত এয়ারলাইনসের দ্বিতল এয়ারবাস প্রায় শ পাঁচেক মানুষকে তার মাছের মতো পেটের ভেতর ঢুকিয়ে, মেঘের শরীরে গুঁতো দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। ওভার নাইট ফ্লাইট। ইকোনমিক ক্লাসের আঁটসাঁট সিট। একটু অসাবধানে একজনের হাত আরেকজনের শরীর ছুঁতে পারে। আকাশচারী যানবাহন, সবকিছু পরিকল্পনামাফিক বরাদ্দ। এই অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা ভয়ানক কষ্টকর। সঙ্গীহীন আকাশযাত্রা ভীষণ একঘেয়ে। অবশেষে তা পরিণত হতে চাচ্ছে ক্লান্তিতে।
মেঘের চড়-থাপ্পড়ে হালকা ঝাঁকুনি লাগছে। নিঃশব্দ কেবিনে ইঞ্জিনের ছন্দগীত। মুভিতে মন এলোমেলো। বই বের করি। পানসে মনোজগৎ। অবশেষে পায়ের কাছ থেকে তুলে আনি প্রিয় কাগজ-কলম।
একটা সময় ভ্রমণ যেমন ছিল আনন্দের, তেমনি ছিল উদ্‌যাপনের। জীবনের স্বর ও সুর যখন শিস দিয়ে ডাকত, শরীর-মন পাখির মতো ফুরফুরে ডানায় ভাসত। সব অসুবিধার পর ও একটা সুখ-সুখ আমেজ ছিল। শঙ্কাহীন, চিন্তাহীন কাঙ্ক্ষিত ছিল শুধু ভেসে যাওয়া। সে সময়ে কেবল ঘুরে আসা যায় স্বপ্নে, ঘুমহীন চোখে।
সময় যে কত দ্রুত দৌড়ায়! সময়ের এই ভোঁ-দৌড় আমরা মানুষেরা অনুভব করি। একই চিত্র একই অবয়বে, অবিকল একই চেহারায় বছরের পর বছর ফিরে আসছে। মনে হয় ওই তো কিছু সময়মাত্র; অথবা ওই সেদিনের ব্যাপার—এরই মধ্যে এক বছর চলে গেল!
আবার কখনো সময় স্থবির; নড়তেই নারাজ। ঠেলেঠুলে গড়িয়ে দিলেও কচ্ছপ গতিতে এগোয়। তখন সবকিছুই অতি দীর্ঘ; নীরস। দীর্ঘ দিন, দীর্ঘ রাত। দিঘল রজনী ভোর না হতে চায়।
অন্ধকার কেবিন। ক্ষুধার রাজ‍্যে পৃথিবী গদ‍্যময়। যারা চলমান যানবাহনে উঠলে নিদ্রালু হয়ে পড়েন, তাঁরা অপেক্ষমাণ ডিনারের জন্য; খেয়েই ঘুমকে ডেকে আনবেন বলে। ফুড কাটের মৃদু আওয়াজে অনেকেই সিট থেকে সোজা হয়ে বসল। ফটাফট সামনের ট্রে খুলে খাবারের অপেক্ষা।
ধুলোমাখা বাতাসে যেমন দিশেহারা ছিন্ন পাতারা উড়ে যায় ওপরে-নিচে, ডানে-বামে, ঠিকানা ছাড়া ভেসে বেড়ায়, তেমনি আমিও। আমি ও আমার খণ্ডিত ভাবনাগুলো সীমাবদ্ধ। সেই সময়ের আমি আমার দিকে ফিরে তাকাই। পৃথিবী অবিকল থাকলেও আমি আর সেই আমি নই।
পৃথিবীতে আমরা কেউ স্থির হয়ে নেই। পৃথিবী ঘুরছে আমরাও সাথে সাথে ঘুরছি, আর সেই সঙ্গে বুড়ো হয়ে যাচ্ছি। পৃথিবী যদি সূর্যের চারপাশে না ঘুরত অথবা নিজের মেরুদণ্ডের ওপর না ঘুরে একেবারে স্থির থাকত, তাহলে অনেক ধীরে বয়স বাড়ত আমাদের।
দুই যমজ ভাই—হারুন ও অরুণ। অরুণ মহাকাশযানে চড়ে বসল। আলোর গতির চেয়ে দ্রুত চলে সে যান। আর হারুন রইল পৃথিবীতে। মহাকাশযান ছাড়ার আগে দু ভাই তাদের নিজ নিজ হাতঘড়ির সময় এক করে নিল। তারপর অরুণ যাত্রা শুরু করল। বেশ কিছু সময় পর অরুণ মহাকাশযান নিয়ে ফিরে এল। পৃথিবীতে নামার পর দু ভাই তাদের ঘড়ির সময় মিলিয়ে নিলে দেখা গেল হারুনের ঘড়ির সময় অরুণের সময়ের চেয়ে অনেক পিছিয়ে আছে।
হিন্দু পুরাণে আছে, পৃথিবীর চার শ বত্রিশ কোটি বছরের সমান ব্রহ্মার একদিন। কোথায় তাহলে এই ব্রহ্মলোক? কেন প্রাচীন লেখকেরা সময় স্রোতের হেঁয়ালির কথা নিয়ে গল্প লিখেছেন?
পৃথিবীর পুরোনো মহাকাব‍্য ‘গিলগামেশ’। প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়ায় কাদামাটির ফলকে পাওয়া গেছে রাজা গিলগামেশের জীবন নিয়ে রচিত এ মহাকাব‍্য। তার কাহিনি—
প্রিয় বন্ধু এংকিডু ও রাজা গিলগামেশ বের হয়েছেন অনন্ত যাত্রায়। পথে হাজার রকমের বিপদ, ভয়, মৃত্যুর হাতছানি। শেষ পর্যন্ত মারা যায় বন্ধু এংকিডু। গিলগামেশ ঠিক করলেন যেভাবেই হোক তিনি দেখা করবেন অমর দেবতাদের সঙ্গে। বন্ধুর জন্য চেয়ে আনবেন অমৃত; বাঁচিয়ে তুলবেন বন্ধুকে। যাত্রা শুরু করলেন গিলগামেশ। বহু দুর্গম পথ, পাহাড়-মরু পাড়ি দিয়ে অবশেষে গিয়ে হাজির হলেন দেবতাদের স্বর্গে। অনেক অনুনয়ের পর দেবতারা রাজি হলেন অমৃত দিতে। গভীর সমুদ্রের অতল তলে জ্বলজ্বলে কাঁটাযুক্ত এক লতা সেই অমৃত। ডুব দিয়ে তুলে আনতে হবে। তা খাওয়াতে পারলেই বেঁচে উঠবে মৃত মানুষ। দেবতাদের নির্দেশে সেই লতা তুলে আনলেন গিলগামেশ। তারপর হাঁটতে হাঁটতে পৃথিবীতে ফিরে এলেন। একটি ঝর্ণায় স্নান করতে গেলেন লতাটা পাথরের ওপর রেখে। স্নান শেষে অর্ধেক নিজে খাবেন বাকিটা বন্ধুকে খাইয়ে জীবিত করবেন—এই তাঁর ভাবনা।
স্নান শেষে গিলগামেশ দেখেন, লতাটি নেই। একটি সাপ লতাটি খেয়ে ফেলছে। মনের দুঃখে নিজ দেশে ফিরে এলেন রাজা। কিন্তু এ কী? সব কেমন অচেনা। মাত্র সাত দিন দেশের বাইরে ছিলেন। এর মধ্যে এমন পরিবর্তন! নিজ রাজপ্রাসাদের চিহ্ন কোথাও খুঁজে পেলেন না। কয়েকজন বুড়ো মানুষকে জিজ্ঞেস করলেন। তাঁরা কেউ রাজা গিলগামেশ বা তাঁর বন্ধু এংকিডুকে চেনে বলে স্বীকার করল না। এত পুরোনো দিনের কথা কারই বা মনে থাকে?
মাত্র সাত দিনে মহাপরাক্রমশালী রাজাকে ভুলে গেল সবাই? আসলে কত কাল পর ফিরে এসেছিলেন গিলগামেশ? আসলে সবই কাহিনিকারের কল্পনা। এই কল্পনা চলমান অনন্তকাল ধরে।
একবার কবি সৈয়দ শামসুল হকের জ্বর হয়েছিল। জ্বরাক্রান্ত কবি দেখলেন, একটা পাখি তার জানালার পাশের গাছে বসা। লেখার সময় একটি পাখির পরিবর্তে তিনি লিখলেন দুটি পাখির কথা। কারণ, জানালায় একা একটি পাখি দেখে তিনি আরাম পাচ্ছিলেন না।
এই দীর্ঘ যাত্রার পরে দুবাই থেকে যে উড়োজাহাজে আমি ভাসব তার জানালায় অপেক্ষারত আমার দু চোখ স্বদেশের আকাশ দেখার লোভে সদা থাকবে ব্যস্ত। ঢাকা এয়ারপোর্ট, মায়ের শাড়ির ঘ্রাণ নিয়ে বিমান পাখা মেলবে। ‘আয়, আয়’ ডাক শুনে রাজহাঁসের মতো পৌঁছে যাব ‘সিলেট’ আমার কাঙ্ক্ষিত ঠিকানায়।