জামদানি, নকশিকাঁথা, নৌকায় মুগ্ধ তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানের একাংশ
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানের একাংশ

বাঙালির চিরচেনা পালতোলা নৌকা, গ্রামীণ নারীর সুই-সুতায় তৈরি নকশিকাঁথা, মাটির তৈরি সামগ্রী, গরুর গাড়ি, রিকশা আর ঐতিহ্যবাহী দেশীয় পোশাক দেখে অভিভূত অন্তত ২০০ কূটনীতিক। নদীতে পালতোলা নৌকায় নববধূরা কীভাবে বাবার বাড়ি যেত, রিকশায় চড়ে নিত্য কাজ সারা এবং হাতে সেলাই করার নকশিকাঁথা দেখে এসব কূটনীতিকের কৌতূহলের শেষ নেই। মাটির তৈরি জিনিসপত্রে ভুজের গল্প শুনেও রীতিমতো অবাক নিউইয়র্কে কর্মরত আমেরিকা, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত, কিউবা, চীন, কুয়েত, মিসর, আলজেরিয়া, শ্রীলঙ্কা, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম প্রভৃতি মিশনের কূটনীতিকেরা।
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য দেখে ও গল্প শুনে অভিভূত হওয়ার ঘটনাটি ঘটেছে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের অনুষ্ঠানে। বঙ্গবন্ধু মিলনায়তনে বিদেশিদের অভ্যর্থনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থায়ী মিশনে অতিথিদের স্বাগত জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, তাঁর স্ত্রী ফাহমিদা জাবিন ও মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। জাতিসংঘের মহাসচিবের পক্ষে জাতিসংঘের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল মিরোসলাভ জেনকা এবং আমেরিকা, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত, কিউবা, চীন, কুয়েত, মিসর, আলজেরিয়া, শ্রীলঙ্কা, ইতালি, ফ্রান্স, বেলজিয়ামসহ জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের স্থায়ী মিশনের দুই শতাধিক কূটনীতিক অংশ নেন। তাঁদের দেখানোর জন্য বঙ্গবন্ধু মিলনায়তনে চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পাওয়া পালতোলা নৌকা, নকশিকাঁথা, জামদানি, অলঙ্কারসামগ্রী, মৃৎশিল্পসামগ্রী, গরুর গাড়ি, রিকশা, বাঙালির ঐতিহ্যবাহী দেশি পোশাক পরিহিত বিভিন্ন ধরনের পুতুল, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম এবং বাঙালির আত্মপরিচয় সমৃদ্ধ বই। এসব দেখে বিদেশি কূটনীতিক ও তাঁদের পত্নীরা মুগ্ধ হন। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয় তাঁদের। প্রদর্শনী চলাকালে বাজানো হয় মুক্তিযুদ্ধের সময়কার কালজয়ী গানগুলো। নিউইয়র্কের মাটিতে বসে, বিদেশি অতিথিদের সামনে একটুকরা বাংলাদেশকে তুলে ধরায় স্থায়ী মিশনের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘকে ঘিরে গড়ে ওঠা কূটনীতিকপাড়ার ভিন্নভাষী অতিথিরা।
অনুষ্ঠানে মাসুদ বিন মোমেন বলেন, অভিগমন ও মানব সম্প্রদায়ের বাধাহীন চলাচলের বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, ২ লাখ নির্যাতিত মা-বোনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।