জামায়াতের কর্মকাণ্ড নিয়ে ওয়াশিংটনে সভা

ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের কংগ্রেসনাল সভা কক্ষে ১৩ নভেম্বর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘জামায়াতে ইসলামি: অ্যা থ্রেট অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড’ শীর্ষক সভার আয়োজক মিডল ইস্ট ফোরাম নামে একটি সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান জিম ব্যাংকস।
সভায় প্যানেল আলোচনায় অংশ নেন লিবার্টি সাউথ এশিয়ার পরিচালক সেথ ওল্ডমিক্সন, ইসলামিস্ট ওয়াচ পরিচালক স্যাম ওয়েস্টথ্রপ, রিসার্চ ইনভেস্টিগেটিভ প্রজেক্ট অন টেররিজম পরিচালক আভা শংকর ও সাউথ এশিয়ান মাইনরিটি অ্যালায়েন্স ফাউন্ডেশন চেয়ারম্যান নাদিম নুজহাত ।
সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামি পৃথিবীর সবচেয়ে আধুনিক সন্ত্রাসী সংগঠন। দলটি যখন যে দেশে কর্মকাণ্ড পরিচালনা করে, তখন ভিন্ন নামে সংগঠন পরিচালনা করে। বর্তমানে এই দলটির দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান ও বাংলাদেশে জোরালো ভূমিকা রয়েছে।
বক্তারা আরও বলেন, মিসরের মুসলিম ব্রাদারহুডের অপর নাম জামায়াতে ইসলাম। যুক্তরাষ্ট্রে তাদের সংগঠনের নাম আইসিএনএ অর্থাৎ ইসলামি সার্কেল অফিস নর্থ আমেরিকা ও মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)।
কংগ্রেসম্যান জিম ব্যাংকস বলেন, হাউসে তিনি এ ব্যাপারে কঠোর সতর্ক থাকতে এবং এ ধরনের সংগঠনের ওপর কড়া নজরদারি রাখার অনুরোধ জানান। রিসার্চ ইনভেস্টিগেটিভ প্রজেক্ট অন টেররিজম পরিচালক আভা শংকর বলেন, ১৯৭৭ সালে নিউইয়র্ক কলাম্বিয়া ইউনিভার্সিটিতে জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদীকে ইকনার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস উপপ্রধান মাহবুব হাসান, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. খন্দকার মনসুর, যুবলীগের সভাপতি দেওয়ান আরশাদ আলী, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট অমর ইসলাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর প্রমুখ। বিজ্ঞপ্তি