জাল ভোট দিতে গিয়ে ধরা খেলেন ট্রাম্প-সমর্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বেশ জোরেশোরে অভিযোগ করে আসছেন, নির্বাচনে কারচুপি হবে। কিন্তু তাঁরই এক সমর্থক জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন। টেরি লিন রোট নামের ওই ট্রাম্প-সমর্থক বলেছেন, কারচুপি হবেই মনে করে তিনি নিজেও জাল ভোট দিতে গিয়েছিলেন।
শনিবার থেকে আইওয়া অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। পল্ক কাউন্টির তালিকাভুক্ত ভোটার টেরি লিন রোট প্রথমে কাউন্টি কেন্দ্রে ভোট দেন। এরপর দ্বিতীয় দফা ভোট দিতে হাজির হন ভ্রাম্যমাণ একটি ভোটকেন্দ্রে। নির্বাচন কর্মকর্তারা বিষয়টি বুঝতে পারায় টেরি রোটকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য পাঁচ হাজার ডলারের মুচলেকায় তিনি জামিনে মুক্তি পান। আগামী ৭ নভেম্বর তাঁকে আবার আদালতে হাজিরা দিতে হবে।
জামিন পাওয়ার পর রোট বলেন, প্রথম দফা ভোট দিয়ে তাঁর মনে হয়েছে, ভোটটি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে গেছে। এ কারণে দ্বিতীয় দফা ভোট দিতে গেছেন, যাতে সেটি ট্রাম্পের ঘরেই যায়।
টেরি রোটের জাল ভোট দেওয়ার খবর চাউর হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর সমর্থকদের ৮ নভেম্বর নির্বাচনের দিনেই তাঁকে ভোট দিতে বলেছেন। কলোরাডোয় দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, আগাম ব্যালট পেপারের স্বচ্ছতা নিয়ে তাঁর সন্দেহ আছে।