জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির বনভোজন

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে নিউজার্সি অঙ্গরাজ্যের এটিএন ভিলেজ অ্যান্ড রিক্রিয়েশন সেন্টারে ৯ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে।
আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা ছাড়াও অন্যান্য জেলার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বনভোজনে যোগ দেন। ফলে বনভোজন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিরা দলে দলে বনভোজন স্থলে সমবেত হতে থাকেন। প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হন। দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন, মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। কেউ কেউ ঘুরে ঘুরে পার্কের সৌন্দর্য উপভোগ করেন। শিশু-কিশোরদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

বনভোজনে অংশগ্রহণকারী বয়স্করাও বয়সের সীমাবদ্ধতা ভুলে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন। এরই মধ্যে পরিবেশিত হয় হালকা খাবার।
নানা ধরনের আনন্দ আয়োজন উপভোগ করতে করতে মধ্যাহ্ন ভোজের সময় হয়ে যায়। দুপুর গড়াতেই পরিবেশিত হয় দুপুরের খাবার। হরেক পদের মুখরোচক খাবার খেয়ে তৃপ্ত হন বনভোজনে আসা প্রবাসীরা। বনভোজনে শিশু-কিশোর-তরুণ ও নারীদের জন্য ছিল নানা ধরনের খেলাধুলায় আয়োজন। এ ছাড়া র্যাফল ড্রয়ে ছিল আকর্ষণীয় পুরস্কারের সমাহার।
আনন্দ আড্ডা আর ঘোরাঘুরির মধ্যে এক সময় সন্ধ্যা ঘনিয়ে আসে। এবার ফেরার পালা। সারা দিনের একরাশ সুখস্মৃতি নিয়ে সবাই নিজ নিজ ডেরায় ফেরেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক সোহেল
আহমদ সপরিবারে বনভোজনে অংশগ্রহণের মাধ্যমে
তা সফল করায় প্রবাসী বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ জানান।
