জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমেরিকা প্রবাসীদের বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্ক-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মে এ উপলক্ষে নিউইয়র্কে উডসাইডের গুলশান টেরেসে বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা। দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন এই ইফতার মাহফিলে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্ক-এর সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি বদরুল খান। তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সবাইকে অংশ নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান শেফাজ, যুগ্ম আহ্বায়ক আতাউল গণি আসাদ, সদস্যসচিব মানিক আহমদসহ সংগঠনের কর্মকর্তারা। ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকি।