জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন ২৭ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের নির্বাচন আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সংগঠনের নির্বাচন কমিশন ৯ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশনের অ্যাস্টোরিয়ার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুর চৌধুরীসহ কমিশনের অন্য সদস্যদের মধ্যে এ হাকিম (সিলেট), ইকবাল আহমেদ মাহবুব (সুনামগঞ্জ) ও সৈয়দ কামাল উদ্দিন আহমদ (হবিগঞ্জ) উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জুয়েল চৌধুরী ও আন্তর্জাতিক সম্পাদক জ্যোতির্ময় দত্ত।
প্রধান নির্বাচন কমিশনার তাঁর বক্তব্যে আগামী ২৭ অক্টোবর নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে ৪১০ জন আজীবন সদস্য, সাধারণ সদস্য ২ হাজার ৮৭১ জনসহ মোট ৩ হাজার ২৮৪ জন সদস্য ভোটে অংশগ্রহণ করতে পারবেন। ভোটের সংখ্যানুপাতে ভোট কেন্দ্র হবে। ভোটের নির্বাচনী বাজেট এখনো কমিটির কাছে দেওয়া হয়নি। নির্বাচন মেশিনে হবে, নাকি ব্যালটে হবে—কমিশন এখনো তা ঠিক করেনি। মনোনয়নপত্র সংগ্রহের জন্য প্রতিটির জন্য ১৫০ ডলার করে ফি দিতে হবে।
মনোনয়নপত্র জমাদানকালে সভাপতি পদপ্রার্থী প্রতিজন ২ হাজার ডলার, সহসভাপতি পদপ্রার্থী প্রতিজন ১ হাজার ৫০০ ডলার, সেক্রেটারি পদপ্রার্থী পদে ১ হাজার ৭০০ ডলার, চার জেলার চারজন সদস্য প্রার্থী প্রতিজন ১ হাজার ৮০০ ডলার করে জমা দিতে হবে।
নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জালাবাদের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে আগামী ২ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।