
‘সিলেট পাইলে যেমন-তেমন/ঢাকায় পাইলে কেমন আছইন/ লন্ডন পাইলে জড়াই ধরইন..ও আমার সিলেটী ভাইসাব-রে’..। বিদিত লাল দাস গ্রুপের একটি গান। সত্তর/আশির দশকে খুব জনপ্রিয় ছিল।
দূরত্ব যত বাড়ে, সিলেটীদের সম্পর্কের গভীরতাও তত বাড়ে। গানে আমেরিকার কথা নেই, থাকলে এই গভীরতা আর কত দূর গড়াতো, মনে মনে ভাবি।
বৃহত্তর সিলেট ( সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট) অনেকের কাছে ‘জালালাবাদ’ নামেও পরিচিত। হজরত শাহজালালের (র.) নামানুসারে এ নামকরণ।
এ নামের ব্যাপক পরিচিতি ঘটে, যখন ষাটের দশকে ‘জালালাবাদ’ প্রদেশ আন্দোলন দানা বেঁধে উঠে। আন্দোলনকারীদের যুক্তি ছিল, যেহেতু ’৪৭ সালে গণভোটের মাধ্যমে সিলেট পাকিস্তানের সঙ্গে যোগ দেয়, তাই সিলেটের বিশেষ মর্যাদা থাকা উচিত। এই দাবির প্রতি তৎকালীন দু–এক কেন্দ্রীয় নেতারও সায় ছিল। কিন্তু এ সবকিছু ভেসে যায় বা চাপা পড়ে যায় বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তখন লক্ষ্য একটাই, বাংলাদেশের স্বাধীনতা, অন্য কিছু নয়।
ষাটের দশকে ‘জালালাবাদ’ প্রদেশ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মরহুম ফতেহ ইউনুস খান। তাঁর বাড়ি ফেঞ্চুগঞ্জে, বাসা সিলেট শহরের পূর্ব জিন্দাবাজারে। মূলত তিনি ছিলেন মুসলিম লীগের প্রবীণ নেতা, প্রদেশ আন্দোলনের কারণে তাঁর ব্যাপক পরিচিতি ঘটে এই (জালালাবাদ) অঙ্গনে। তাঁর বাসায় একাধিকবার আমি গিয়েছি। তিনিও প্রচারের কাজে যুগভেরীতে আসতেন। দেখা-সাক্ষাৎ, কথা-বার্তা হতো। তাঁর ছেলে জুনেদ আহমদ নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। এ দায়িত্বে থাকাকালে তাঁর অকাল মৃত্যু ঘটে। ফতেহ ইউনুস খানের আরেক ছেলে জাকির আহমদ নিউইয়র্কে বসবাস করছেন।
সত্তরের দশকে এম এ হকের নেতৃত্বে ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের ব্যাপক তৎপরতা চোখে পড়ত। এম এ হক স্বাধীনতার আগে ছিলেন সিনিয়র সরকারি কর্মকর্তা, ডিআইজি। পরে সাংসদ ও মন্ত্রী হয়েছিলেন (এরশাদের আমলে)। তাঁর তত্ত্বাবধানে ঢাকা থেকে বের হতো ‘প্রবাসীর ডাক’ নামে একটি সাপ্তাহিকী। সুসম্পাদিত এবং সুলিখিত। এর পেছনে চৌকস হাত ছিল সালাউদ্দিন আহমদের। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ ও বিশিষ্ট লেখক আহমদ আনিসুর রহমানেরও অবদান ছিল।
সত্তরের দশকে সিলেটের এক জেলা প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার বিস্তর অভিযোগ ছিল। বলা হতো, তিনি আইন-কানুনের তোয়াক্কা করতেন না, যখন যা মনে আসত তাই করতেন। কারও কিছু বলার ছিল না। এমন এক সময় ‘প্রবাসীর ডাক’ প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়। ‘কে বড়: সরকার না ডেপুটি কমিশনার?’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদনে সব ঘটনা ও অভিযোগ প্রকাশিত হতে থাকে। স্থানীয়ভাবে এটি আরও আলোড়ন তুলে যখন যুগভেরীতে তা পুনঃ মুদ্রিত হতে থাকে। পরে সরকার তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং প্রতিকারের ব্যবস্থা নেয়।
এখন শুধু ঢাকা নয়, নিউইয়র্ক, লন্ডন, লস অ্যাঞ্জেলেস, টরন্টো, রোমসহ সারা বিশ্বের নানা শহরে রয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন। বৃহত্তর সিলেটের প্রবাসীরা এই ছাতার নিচে একত্রিত হয়ে নিজেদের বন্ধনকে আরও মজবুত করার চেষ্টা করছেন।
‘জালালাবাদ’ নামে শুধু সামাজিক সংগঠনই নয়, এ নামে আছে সেবা সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান, পত্রপত্রিকাও। ১৯৮৯ সালের ১৩ সেপ্টেম্বর সপরিবারে নিউইয়র্কে আসার দু–একদিনের মধ্যে খবর পেলাম নবগঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত হবে এক সপ্তাহ পর। আমিও আমন্ত্রণ পেলাম। ডাউন টাউন ম্যানহাটনের একটি হলে হবে অনুষ্ঠান। প্রধান অতিথি সর্বজনশ্রদ্ধেয় সিলেট মহিলা কলেজের অধ্যক্ষা হুসনে আরা আহমদ (মরহুমা)। বিশেষ অতিথি প্রথিতযশা বাঙালি চিকিৎসক ডা. সাদুজ্জামান চৌধুরী। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজউদ্দিন আহমদ (মরহুম) ও সাধারণ সম্পাদক এম এম শাহীন (সাবেক সাংসদ ও সাপ্তাহিক ঠিকানার মালিক)। সিরাজউদ্দিন আহমদ স্বাধীনতার আগে সিলেটে ছাত্রলীগের তুখোড় নেতা ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা।
অভিষেক অনুষ্ঠানে আমিও শুভেচ্ছা বক্তব্য রাখি। সাধারণ সম্পাদক এম এম শাহীনের সঙ্গে এ অনুষ্ঠানেই প্রথম পরিচয় এবং প্রথম পরিচয়েই তিনি সাপ্তাহিক ঠিকানা প্রকাশের উদ্যোগের কথা জানিয়ে আমাকে এর সঙ্গে যুক্ত হওয়ার অনুরোধ করেন। আমি তাতে সম্মত হই এবং ঠিকানার প্রকাশনার সঙ্গে জড়িয়ে পড়ি। এখানে মৌলভীবাজারের আবদুল মোসাব্বিরের (যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি) কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়, কারণ তিনি আমাকে সঙ্গে নিয়ে কয়েক জায়গায় পরিচিত করান এবং পত্রিকায় সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখান।
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্গে কর্মকর্তা পর্যায়ে আমার জড়িয়ে পড়া ছিল পুরোপুরি আকস্মিক। অভিষেকের কিছুদিন পর সিরাজউদ্দিন আহমদ দীর্ঘ সময়ের জন্য দেশে চলে যাওয়ায় এবং এম এম শাহীন ঠিকানা প্রকাশনায় ব্যস্ত হয়ে পড়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রমে স্থবিরতা আসে। এভাবে পার হয়ে যায় দুবছর। কী করা যায়, সংগঠনকে কীভাবে আবার সচল করা যায়—এ নিয়ে বৃহত্তর সিলেটের প্রবাসী নেতৃবৃন্দ চিন্তা-ভাবনা ও আলাপ আলোচনা শুরু করেন এবং একপর্যায়ে একটি সিদ্ধান্তে উপনীত হন। আমি এর কিছুই জানতাম না। একদিন মধ্যরাতে এলে ফোন। আমি তখন এস্টোরিয়ার একটি অ্যাপার্টমেন্টে থাকি। ডাউন টাউন ম্যানহাটনের সেকেন্ড অ্যাভিনিউর আফতাব আলীর রেস্টুরেন্টে জড়ো হয়েছেন সিলেটের নেতৃবৃন্দ। তাঁদের সিদ্ধান্ত জালালাবাদের কমিটি পুনর্গঠিত হবে এবং এই কমিটির সভাপতির দায়িত্ব নিতে হবে আমাকে। আমি সবিনয়ে অসম্মতি জানিয়ে বললাম, আমেরিকায় আমি নতুন। সঙ্গে আছে পরিবার। তাদের সাপোর্ট করা আমার প্রথম দায়িত্ব। এ অবস্থায় জালালাবাদের মতো একটি বড় সংগঠনের দায়িত্ব পালন সম্ভব হবে না। অন্য কাউকে এই দায়িত্ব দিলে আমি খুব খুশি হব। কিন্তু নেতৃবৃন্দ তাঁদের সিদ্ধান্তে অটল। প্রায় তিন দশক হতে চলল, সবার নাম মনে করতে পারছি না, যাঁদের নাম মনে পড়ছে তাঁদের মধ্যে রয়েছেন আবদুল মালিক, নূরুজ্জামান চৌধুরী, আবদুল মোসাব্বির, শফিকুল ইসলাম আহমদ, আফতাব আলী, মুক্তিযোদ্ধা আবদুল মছব্বির (মরহুম), মুক্তিযোদ্ধা অহিদুর রহমান, জুনেদ খান, মো. জমির, ইকবাল আহমদ প্রমুখ। তাঁরা প্রায় সবাই কথা বললেন। মধ্য রাত গড়িয়ে যাচ্ছে। সিদ্ধান্ত নিলাম, মুরব্বিদের সম্মান দিতে হবে। সম্মতি জানালাম।
এর দুই/তিন দিনের মধ্যে সাধারণ সভা ডাকা হলো ডাউন টাউনের একটি হলে। প্রায় দেড়/দু শ সিলেটবাসীর সমাবেশ। এ সাধারণ সভায় অনুমোদন হলো নতুন কমিটি। সভাপতি পদে আমার নামের বিরোধিতা করেছিলেন মাত্র একজন, তিনি আবার আমার ঘনিষ্ঠজন। তার যুক্তি ছিল, যেহেতু আমার পেশা সাংবাদিকতা, আমার পক্ষে সংগঠনের জন্য সময় দেওয়া সম্ভব নয়। তার প্রস্তাবটি সভায় গৃহীত হয়নি। আমাকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষিত হলো। শুরু হলো নতুন যাত্রা।
ওই সময় আমাদের অলিখিত কার্যালয় ছিল সেকেন্ড অ্যাভিনিউর আফতাব আলীর রেস্টুরেন্টের বেসমেন্ট। প্রতি রোববারই কমিটির সবাই ওখানে মিলিত হতাম। নব্বই দশকের প্রথম দিকে নিউইয়র্কপ্রবাসী বাঙালিদের প্রাণকেন্দ্র ছিল ডাউন টাউনের সিক্স স্ট্রিট ও মদিনা মসজিদকে কেন্দ্র করে। পরে এস্টোরিয়া, তারও পর চার্চ-ম্যাকডোনাল্ড, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, পার্কচেস্টার, ওজোন পার্ক হয়ে উঠে বাঙালিদের পদচারণায় মুখর।
আমরা লক্ষ্য ঠিক করলাম, একটি গঠনতন্ত্র ও ভোটার তালিকা প্রণয়ন করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। এক বছরের মাথায় আমরা তা করতে সক্ষম হলাম। সিক্স স্ট্রিটের কাছেই একটি স্কুলে অনুষ্ঠিত জমজমাট নির্বাচনে আবদুল বাসিত সভাপতি ও জুনেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরই ধারাবাহিকতা আজও বহমান। এরপর যাঁরা সভাপতি নির্বাচিত হন তাঁরা হলেন এম এ কাইয়ুম, সৈয়দ শওকত আলী, কামাল আহমদ, আজমল হোসেন, বদরুন্নাহার খান মিতা, জন উদ্দিন, বদরুল এইচ খান ও মইনুল হক চৌধুরী। এ মাসে অভিষিক্ত হবেন মইনুল হক চৌধুরী, তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে আছেন মিজানুর রহমান চৌধুরী।
বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জেড চৌধুরীর একটি প্রশংসনীয় ডিজিটাল সার্ভিসের কথা উল্লেখ করছি। প্রবাসে বৃহত্তর সিলেটের কারও মৃত্যু হলে সেই সংবাদ এবং জানাজা ও দাফনের সময়, স্থান ইত্যাদি ফোনে সব সদস্যকে জানিয়ে দিতেন। ভবিষ্যতে এই সার্ভিস অব্যাহত থাকবে-এমনটাই আশা করা যায়।
ইতিমধ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন নগরে ‘বিশ্ব সিলেট সম্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক, টরন্টো, কলকাতা ও রোম। টরন্টোয় আমন্ত্রণ পেয়েও অসুস্থতার জন্য যেতে পারিনি। ২০১৭ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্ব সম্মিলনীতে যোগ দিয়েছি। আয়োজক ছিল নিউইয়র্ক জালালাবাদ অ্যাসোসিয়েশন। পৃথিবীর নানা প্রান্ত থেকে কৃতী সিলেটীরা যোগ দিয়েছেন। বিচারপতি, রাজনীতিক, সাহিত্যিক, বিজ্ঞানী, কূটনীতিক, চিকিৎসক, শিল্পী, ব্যবসায়ী, সমাজসেবীরা এসেছেন। এ এক মহামিলন মেলা। মেলায় এসেছেন নাসার অ্যাপোলো-১১ মিশনের বিজ্ঞানী, বয়োবৃদ্ধ সিলেটের রফিক। এসেছেন নিউইয়র্কের ভারতের কনসাল জেনারেল, যার পিতৃ নিবাস সিলেটের বরমচালে। নাড়ির টানে জড়ো হয়েছেন, একে অন্যকে জানতে, ভাবের আদান–প্রদান করতে। এ এক ভালো উদ্যোগ।
আমি একটা বিষয়ের ওপর সব সময় জোর দিই, দিবস পালন, বনভোজন, সংবর্ধনা ইত্যাদি গতানুগতিক অনুষ্ঠানে শুধু সীমাবদ্ধ না রেখে এমন সব কর্মসূচি গ্রহণ করা যা প্রবাসের প্রতিকূল পরিস্থিতিতে মানুষের সহায়ক জনকল্যাণমুখী হয়। এ ছাড়া নতুন প্রজন্মের সম্পৃক্ততার উপযুক্ত পরিবেশও গড়া দরকার।
সম্প্রতি জানলাম, ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন মৌলভীবাজার সংলগ্ন নবীগঞ্জের দিনারপুরের মনোরম পাহাড়ি এলাকায় তিন শ বিঘা জমির ওপর একটি আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। জমি দান করেছেন একজন প্রবাসী। খুবই ভালো উদ্যোগ।
দেশে দেশে জালালাবাদের মানুষ ভালো থাকুন, মাতৃভূমির জন্য তাদের নিরন্তর চেষ্টা সফল হোক এ কামনা করি।
লেখক: নিউইয়র্কপ্রবাসী প্রবীণ সাংবাদিক।