জালালাবাদের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ জি ওসমানী
এম এ জি ওসমানী

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর জন্ম শতবার্ষিকী কাল ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে দেশে-বিদেশে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওসমানী জন্মশতবার্ষিকী উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সিলেটে তিন মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
নিউইয়র্কে জালাবাদ অ্যাসোসিয়েশন ওসমানীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। ওসমানী স্মৃতি পরিষদ ৩ সেপ্টেম্বর ওজোন পার্কের আল-মদিনা আরকেটি অনুষ্ঠানের আয়োজন করছে। সেখানে পরিষদের পক্ষ থেকে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানমালাকে সামনে রেখে ৭ সেপ্টেম্বর সংখ্যায় প্রথম আলো উত্তর আমেরিকার বিশেষ আয়োজন থাকবে। মরহুমের জীবন ও কর্মগাথা নিয়ে গুরুত্বপূর্ণ নানা লেখা থাকবে।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৯ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কুইন্স প্যালেসে। অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী বলেন, নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধ আর এই যুদ্ধের প্রধান সেনাপতিকে পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন থাকবে অনুষ্ঠানমালায়। বেলা তিনটায় অনুষ্ঠান শুরু হবে। চলবে মধ্যরাত পর্যন্ত। বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হবে। আবৃত্তি, নৃত্য, সেমিনার আর আলোচনার মাধ্যমে স্মরণ করা হবে এম এ জি ওসমানীকে। 

জালালাবাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মেজর জেনারেল (অব.) এম আজিজুর রহমান বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, কামাল আহমেদ, তোফায়েল সামি চৌধুরী, নজমুল চৌধুরী ও অ্যাডভোকেট শেখ আখতারুল ইসলাম।
মুহাম্মদ আতাউল গণি ওসমানপুর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে। তাঁর পৈতৃক বাড়ি সিলেটের বালাগঞ্জ থানার (অধুনা ওসমানী নগর উপজেলা) দয়ামীরে। তাঁর বাবা খান বাহাদুর মফিজুর রহমান, মাতা জোবেদা খাতুন। খান বাহাদুর মফিজুর রহমানের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ওসমানী। ওসমানপুর জন্মের প্রাক্কালে ১৯১৮ সালে খান বাহাদুর মফিজুর রহমান তৎকালীন আসামের সুনামগঞ্জ সদর মহকুমায় সাব-ডিভিশনাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন৷ তাঁদের বসবাস ছিল সুনামগঞ্জ সদরেই। এখানেই জন্ম হয় ওসমানপুর।
বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে ওসমানী তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন৷ ১৯৩৯ সালে তিনি রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন। দেরাদুনে ব্রিটিশ-ভারতীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে তিনি ১৯৪০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ব্রিটিশ সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে তিনি বার্মা (মিয়ানমার) সেক্টরে কাজ করেন। ১৯৪২ সালে মেজর পদে উন্নীত হন। ১৯৪২ সালে ওসমানী ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ওসমানী ব্রিটিশ সেনাবাহিনীতে লং কোর্স পরীক্ষা দিয়ে উচ্চস্থান লাভ করেন৷ সে বছর তিনি ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসের জন্যও মনোনীত হন৷ কিন্তু তিনি সামরিক বাহিনীতেই থেকে যান৷ দেশভাগের পর ১৯৪৭ সালের ৭ অক্টোবর ওসমানী পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। এ সময় তাঁর পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেলের। ১৯৪৯ সালে তিনি চিফ অফ জেনারেল স্টাফের ডেপুটি হন। ১৯৫১ সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের অধিনায়ক নিযুক্ত হন৷ এরপর তিনি চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠা করেন৷ ১৯৫৫ সাল পর্যন্ত সাফল্যের সঙ্গে তৎকালীন পূর্ববাংলার আরও কয়েকটি আঞ্চলিক স্টেশনের দায়িত্বও তিনি পালন করেন৷ ১৯৫৬ সালে তিনি কর্নেল পদমর্যাদা লাভ করেন এবং সেনাবাহিনীর হেডকোয়ার্টারের জেনারেল স্টাফ অ্যান্ড মিলিটারি অপারেশনের ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পান। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে তিনি পাকিস্তানের হয়ে যুদ্ধ করেন৷ ১৯৬৭ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সীমান্ত পার হয়ে ভারতে ঢোকেন। ১৯৭১ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন৷ ওই ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এমএজি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন৷