জিকা প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ শিগগিরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক অ্যান্থনি ফসি বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে তাঁরা মানবদেহে জিকা ভাইরাসের প্রতিষেধকের পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে পারবেন। খবর বিবিসি অনলাইনের।

দেশটির সরকারি এই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফসি বলেন, ‘আমরা মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে এই প্রতিষেধক প্রয়োগ করব। তবে আপাতত এই প্রতিষেধক বণ্টন করা হবে না।’
যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরাই ইবোলা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে সহায়তা করেছিলেন। এ পর্যন্ত প্রায় এক শ আমেরিকান জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জিকা ভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশ থেকে ফিরে আসার পর এসব রোগীদের দেহে জিকা ভাইরাস শনাক্ত করা হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ভ্যাকসিন রিসার্চ সেন্টারের সহকারী পরিচালক বার্নি গ্রাহাম বলেছেন, ‘আমাদের চ্যালেঞ্জ হলো আমরা জিকার ব্যাপারে খুব বেশি কিছু জানি না। তবে আমাদের ফ্ল্যাভি ভাইরাসের বিষয়ে যথেষ্ট ধারণা আছে, আর জিকা হচ্ছে এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস’।