জিজ্ঞাসাবাদের কিছু কৌশল ছিল জঘন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) জিজ্ঞাসাবাদের ‘নির্মম’ কৌশলের পক্ষে সাফাই গাইলেন এর পরিচালক জন ব্রেনান। গতকাল বৃহস্পতিবার ভার্জিনিয়ার ল্যাংলিতে সিআইএর সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিআইএর কৌশল সন্ত্রাসী হামলাকে প্রতিহত করেছে এবং অসংখ্য জীবন বাঁচিয়েছে। খবর বিবিসি ও এএফপির।
তবে ব্রেনান স্বীকার করেন, জিজ্ঞাসাবাদের কিছু কৌশল ছিল জঘন্য এবং অননুমোদিত। কারণ, প্রতিষ্ঠানের কিছু কর্মী এর নীতিমালা মানেননি।
জন ব্রেনান আরও বলেন, ২০০১ সালের ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর আল-কায়েদার সন্দেহভাজন ব্যক্তিদের আটক রাখা এবং জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সিআইএ ছিল অপ্রস্তুত। জিজ্ঞাসাবাদের ব্যাপারে অল্পসংখ্যক কর্মী ছিলেন দক্ষ।
সিআইএ মার্কিন জনগণকে বিভ্রান্ত করেছে—এই অভিযোগ ব্রেনান অস্বীকার করেন।
গত মঙ্গলবার মার্কিন সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটি ২০০১ সালের হামলার পর আটক আল-কায়েদার বন্দীদের সিআইএর জিজ্ঞাসাবাদের কৌশল নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, সিআইএ বন্দীদের ওপর ‘নিষ্ঠুর নির্যাতন’ চালিয়েছিল।