
রাশিয়ার সাইবেরিয়া এবং যুক্তরাষ্ট্রের আলাস্কার মাঝখানে একসময় হয়তো বরফে ঢাকা স্থলভূমি ছিল। সম্ভবত এটিকেই একসময় উত্তর আমেরিকার প্রবেশপথ হিসেবে ব্যবহার করেছিল মানুষ। প্রাগৈতিহাসিক ডিএনএ নিয়ে গবেষণার ভিত্তিতে এই নতুন তত্ত্ব দিয়েছেন বিভিন্ন দেশের একদল বিজ্ঞানী।
নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদন বলছে, দুটি হিমবাহের মাঝখান দিয়ে দীর্ঘ কোনো স্থলভূমি অতিক্রম করে যাওয়ার সামর্থ্য বরফযুগের মানুষের থাকার কথা নয়। কারণ, এ রকম পরিবেশে টিকে থাকাই কঠিন। মানুষ প্রথম কীভাবে উত্তর আমেরিকা মহাদেশে পা রেখেছিল, তা নিয়ে প্রচলিত তত্ত্বটা অবশ্য অন্য রকম। আর তা হলো দুটি হিমবাহ বা তুষারস্রোত গলতে শুরু করার পর মানুষ বর্তমান কানাডার ভেতর দিয়ে দক্ষিণ দিকে এগিয়েছিল।
গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজের অধ্যাপক এস্ক উইলারস্লেভ। তিনি ও তাঁর সহযোগীরা দুই হিমবাহের মাঝখানের ওই সম্ভাব্য প্রবেশপথ থেকে প্রাচীন ডিএনএর নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করেন। এতে সেখানকার বাস্তুসংস্থানের ক্রমপরিবর্তন এবং তুষারস্রোত গলন শুরুর পরিস্থিতি সম্পর্কে কিছুটা আন্দাজ করার উপযোগী তথ্য-উপাত্ত পাওয়া যায়। সেই গবেষণার ভিত্তিতে তাঁরা বলছেন, একটা সময় সেই বরফঢাকা ভূমিতে মানুষ চলাচলের উপযোগী পথ তৈরি হয়ে থাকতে পারে। সেটাই হয়তো মানুষ এখন থেকে প্রায় ১২ হাজার ৬০০ বছর আগে ব্যবহার করেছিল।
তবে ওই মানুষেরা কারা, তা নিয়ে বিস্তর বিতর্ক আছে। প্রত্নতত্ত্ববিদেরা স্বীকার করেন, বর্তমান যুক্তরাষ্ট্রের আদি বাসিন্দাদের মধ্যে তথাকথিত ‘ক্লভিস’ সংস্কৃতির প্রচলন ছিল। এটা প্রাগৈতিহাসিক আদিবাসীদের সংস্কৃতি, যার ১৩ হাজার বছরের পুরোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিলেছে। নতুন গবেষণায় যে প্রবেশপথের কথা বলা হচ্ছে, ওই সময় সেটা বরফমুক্ত বা মানুষের অতিক্রমের উপযোগী থাকার কথা নয়।
বিবর্তনমূলক জিনতত্ত্ববিদ অধ্যাপক উইলারস্লেভ বলেন, পথটি ১৩ হাজার বছর আগে খুলে থাকলেও তা চলাচলের উপযোগী হতে নিশ্চয়ই কয়েক শ বছর লেগেছিল। তার মানে, আজকের যুক্তরাষ্ট্র, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় মানুষের প্রথম প্রবেশ ঘটেছিল অন্য কোনো পথে।