জিম্মি কেলার মৃত্যুর খবর নিশ্চিত ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন আইএসের হাতে জিম্মি মার্কিন নাগরিক কেলা জিন মুলারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ওবামা জিম্মি রাখা জঙ্গিদের পাকড়াওয়ের অঙ্গীকার করেছেন।

এএফপির খবরে জানানো হয়, এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কত সময় লাগবে তা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে কেলাকে জিম্মি ও হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। তিনি কেলার জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন।

২৬ বছর বয়সী ত্রাণকর্মী কেলা অ্যারিজোনার বাসিন্দা। ২০১৩ সালের আগস্টে সিরিয়ার আলেপ্পোয় আইএস জঙ্গিরা তাঁকে জিম্মি করে।

গত সপ্তাহে আইএসের পক্ষ থেকে দাবি করা হয়, সিরিয়ার রাকায় জর্ডানের বিমান হামলার সময় কেলা নিহত হয়েছেন।

কেলার বাবা-মা কার্ল ও মার্শা মুলার গতকাল জানান, মেয়ের মৃত্যুতে তাঁদের হৃদয় ভেঙে গেছে। তবে মেয়েকে নিয়ে তাঁরা গর্বিত। মানবসেবায় মেয়ে যা করে গেছেন, বাবা-মা হিসেবে তা নিয়ে তাঁরা গর্বিত।