জিয়াকে 'জাতীয় বেইমান' বলে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একটি সড়কের অংশবিশেষের নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ করার প্রস্তাবের প্রতিবাদ এবং অবিলম্বে তা প্রত্যাহার করার দাবিতে গতকাল শুক্রবার দুপুরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বিক্ষোভকারীরা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্দেশে ‘জাতীয় বেইমান’, ‘ঠান্ডা মাথার খুনি,’ ‘সামরিক স্বৈরাচার’ ইত্যাদি বলে স্লোগান দেন। তাঁদের হাতে থাকা ব্যানার, পোস্টার ও বিভিন্ন প্ল্যাকার্ডেও জিয়াকে ‘বেইমান’ ও ‘স্বৈরাচার’ উল্লেখ করা হয়।
শিকাগো সিটি মেয়রের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। পরে তাঁরা সড়কের নামকরণের জন্য শিকাগো সিটি কাউন্সিলে বিল উত্থাপনকারী ৪৯ নম্বর ওয়ার্ডের এলডারমেন (কাউন্সিলম্যান) যোসেফ এ মুরের কার্যালয়ে যান। বিক্ষোভকারীরা সিটি মেয়রকে একটি স্মারকলিপি দেন। এ সময় মেয়র রাহম ইমানুয়েলের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং গ্লোবাল অ্যাফেয়ার্স-বিষয়ক উপপরিচালক এমিলি বারম্যান আওয়ামী লীগ নেতা-কর্মীদের জানান, সিটি মেয়র অফিস থেকে কেউ সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে যাবেন না।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সাজ্জাদুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী প্রমুখ। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, নিউজার্সি এলাকার নেতা-কর্মীরা ওই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির সার্বিক সমন্বয় ঘটান শিকাগো আওয়ামী লীগের নেতা বর্ষণ ইসলাম ও শামসুল ইসলাম। সিটি কাউন্সিল সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর বিকেলে ওই রাস্তায় নতুন নামফলক লাগানো হবে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীরা অংশ নেবেন বলে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। নিউইয়র্কে বসবাসরত খালেদা জিয়ার বৈদেশিক-বিষয়ক উপদেষ্টা মজিবুর রহমান মজুমদারের নেতৃত্বে নিউইয়র্ক থেকে অনেকে নামফলক উন্মোচনের অনুষ্ঠানে অংশ নেবেন।
সিটি প্রশাসনের কর্মকর্তারা এনআরবি নিউজকে জানান, এই সিটির এক হাজার ৫০০টি রাস্তার অংশবিশেষের নামকরণ করা হয়েছে বিভিন্ন ব্যক্তির নামে। তবে এই প্রথম কোনো ব্যক্তির নামে রাস্তার নামকরণের সংবাদ প্রকাশের পর তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল এবং বিক্ষোভ হলো। সিটি প্রশাসনের কর্মকর্তারা আরও জানান, বিতর্কিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে শিকাগো সিটির কোনো রাস্তার নামকরণের রীতি নেই।
১৯৯৭ সালের ১০ অক্টোবর বিশ্বখ্যাত স্থপতি এফ আর খান এবং বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নামে দুটি সড়কের নামকরণ করা হয়েছে। বাংলাদেশি এবং দক্ষিণ এশিয়ান অধ্যুষিত ডেভন অ্যাভিনিউর বিরাট একটি অংশ এখন ‘শেখ মুজিব ওয়ে’ এবং আরেক প্রান্তের আরেকটি সড়ক ‘এফ আর খান ওয়ে’ নামে পরিচিত।
নিউইয়র্কে প্রতিবাদ সভা
গতকাল রাতে নিউইয়র্কে মুক্তিযোদ্ধা-জনতার এক সভায় শিকাগো সিটি প্রশাসনকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ‘জিয়াউর রহমান ওয়ে’ বিল পাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রচলিত রীতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। এ সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরনবী কমান্ডার, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাকারিয়া চৌধুরী, বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী এন আমিন, মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সেক্রেটারি ফরিদ আলম।