জিয়া-সেলিমের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের চট্টগ্রাম সমিতির নির্বাচনে অনেস্ট ব্যালটে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য বর্তমান কমিটিকে নির্দেশ দিয়েছেন আদালত। গত ২ জুন শুক্রবার ব্রুকলিনের আদালতে জজ লরেন্স কনিপেলের বেঞ্চ এই রায় দেন।
শুনানিতে জিয়া-সেলিম পরিষদের পক্ষে মামলা পরিচালনা করেন আন্দ্রেউস মলিনুজ ও তাঁর সহকারী মুজিবর রহমান।
গত এপ্রিল মাসে চট্টগ্রাম সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জিয়া-সেলিম ও জাহাঙ্গীর-বিল্লাহ নেতৃত্বাধীন দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। অনেস্ট ব্যালটের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জিয়া-সেলিম পরিষদ বিপুল ভোটে পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী হয়। অভিযোগ আছে, নির্বাচনের পর বর্তমান কমিটির সভাপতি আকবর আলী বিজয়ী জিয়া-সেলিম পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে তা কণ্ঠভোটে নির্বাচিত জাহাঙ্গীর-বিল্লাহ পরিষদের কাছে হস্তান্তরের প্রয়াস চালান। এতে ক্ষুব্ধ হয়ে আইনের আশ্রয় নেয় জিয়া-সেলিম পরিষদ।
রায়ে আদালত অবিলম্বে চিটাগাং অ্যাসোসিয়েশন অব আমেরিকার সব নথি, ব্যাংক হিসাব, চাবি ও সমিতির সব স্থাবর-অস্থাবর সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অনেস্ট ব্যালটে নির্বাচিত জিয়া-সেলিম পরিষদের নেতৃত্বাধীন কার্যকরী কমিটির কাছে হস্তান্তরের নির্দেশ দেন। রায় ঘোষণার সময় আদালত চত্বরে এই পরিষদের কার্যকরী কমিটির সদস্যরা ছাড়াও বিপুলসংখ্যক চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন।